নিউইয়র্কে বাড়ি ভাড়ায় সহায়তা দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে নিউইয়র্কে বাসা ভাড়া দিতে পারেননি এমন লোকজনের সংখ্যা অনেক। অধিকাংশ লোকজনের আয় কমে যাওয়ার কারণে অর্থনৈতিক বাস্তবতায় ভাড়া দিতে পারেননি, আবার অনেকে পরিস্থিতির সুযোগ নিয়েছেন। এ কারণে বাড়ির মালিকের সঙ্গে অনেক ভাড়াটিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। মহামারির মধ্যে নিউইয়র্কে ভাড়াটিয়ারা যেন বাসা উচ্ছেদের শিকার না হন, সে কারণে মার্কিন সরকার থেকে রেন্টাল রিলিফ (বাড়ি ভাড়া সহায়তা) দেওয়া হচ্ছে।

গত ১ জুন থেকে রেন্টাল রিলিফ নেওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। যারা স্বল্প আয়ের মানুষ, উচ্ছেদ হওয়ার আশঙ্কা আছে কিংবা গৃহহীন হয়ে পড়ার আতঙ্কে আছেন তাঁদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই বাড়ি ভাড়া সহযোগিতা দেওয়া হচ্ছে। কাজ না থাকায় আয় কমে গেছে বা অর্থ সংকটের কারণে ভাড়া দেওয়া সম্ভব হয়নি—এমন প্রমাণ দিয়ে রেন্টাল রিলিফের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

রেন্টাল রিলিফ পেতে হলে ভাড়াটিয়াকে বিভিন্ন ফরম পূরণ করতে হবে। বাড়ির মালিকের কাছ থেকে ডব্লিউ-৯ ফরম পূরণ করিয়ে নিতে হবে। রেন্টাল রিলিফ নিতে চান এমন প্রত্যেক ভাড়াটিয়ার জন্য বাড়ির মালিককে ডব্লিউ-৯ ফরম পূরণ করতে হবে। ওই ফরমের মাধ্যমে বছর শেষে বাড়ির মালিককে ভাড়াটিয়ার জন্য একটি ১০৯৯ ইস্যু করতে হবে যে, তিনি বাড়ি ভাড়ার অর্থ পেয়েছেন।

অনেক বাড়ির মালিক ভাড়ার পুরো অর্থ আইআরএসের কাছে আয় হিসাবে দেখান না। যারা নগদে ভাড়া গ্রহণ করেন, তাঁরা এ প্রক্রিয়ায় কর ফাঁকি দেন। এসব বাড়ির মালিককে রেন্টাল রিলিফ হিসাবে পাওয়া অর্থ ট্যাক্স বিবরণীতে প্রদর্শন করতে হবে।

রেন্টাল রিলিফের জন্য ভাড়াটিয়া হিসেবে আবেদন করলেই হবে না। ভাড়াটিয়া ও বাড়ির মালিকের যৌথ উদ্যোগ ছাড়া এ অর্থ পাওয়া কঠিন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কোনো কোনো ভাড়াটিয়া বাড়ির মালিকের সঙ্গে আলোচনা না করেই তাঁর নিজের সব তথ্য নিয়ে রেন্টাল রিলিফের আবেদন করার চেষ্টা করছেন। রেন্টাল রিলিফের আবেদন করার আগে বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে হবে। কারণ রেন্ট রিলিফ পাওয়ার জন্য বাড়ির মালিকের সহায়তার প্রয়োজন হবে। তাঁর কাছ থেকে লিজ, ইউটিলিটি বিল এবং ডব্লিউ-৯ ফরমসহ প্রয়োজনীয় নথিপত্র লাগবে। সেগুলো ছাড়া আবেদন করে সম্পন্ন হবে না। তাই যারা রেন্টাল রিলিফের আওতায় ভাড়া সহায়তা পেতে চান, তাঁদের অবশ্যই বাড়ির মালিকের সঙ্গে সদ্ভাব রেখে এবং তাঁকে জানিয়ে আবেদন করতে হবে।

আবেদন গ্রহণ শুরু হওয়ার তিন সপ্তাহের মধ্যেই রেন্টাল রিলিফ কর্মসূচির জন্য এক লাখের বেশি আবেদন পড়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া নিয়ে এর মধ্যেই বেশ কয়েকটি নাগরিক সংগঠন তাদের উদ্বেগের কথা জানিয়েছে। নিউইয়র্ক রাজ্যে ভাড়াটিয়া উচ্ছেদ আগস্ট মাস পর্যন্ত বন্ধ রয়েছে। আগস্টের পর উচ্ছেদ শুরু হলে বহু ভাড়াটিয়াকে বিপদে পড়তে হবে। অবশ্য এর মধ্যেই বিপাকে আছেন ছোট ছোট বাড়ির মালিকেরা।

জ্যামাইকায় বসবাস করেন বাংলাদেশি সদরুল চৌধুরী। তাঁর বাসায় দুই ভাড়াটিয়া গত এক বছর থেকে ভাড়া প্রদান করেননি। সরকারি নগদ প্রণোদনা, বেকার ভাতা, চাইল্ড ক্রেডিট সব মিলে নিয়মিত আয়ের চেয়ে তাঁর ভাড়াটিয়ারা মহামারির সময়ের চেয়ে বেশি আয় করছেন বলে তিনি মনে করেন। রেন্টাল রিলিফের আবেদনেও তাঁর ভাড়াটিয়ারা আগ্রহী নন।

এর কারণ হিসেবে তিনি বলেন, পরিবারের আয় আড়াল করে আবেদন করার কোনো উপায় নেই। আবেদনের সঙ্গে দেওয়া ব্যক্তিগত তথ্য প্রদান করলেই দেখা যাবে, এসব পরিবারের আয় মহামারিতে কমেনি। তাই তাঁরা রেন্টাল রিলিফ সুবিধা পাবেন না।

যারা প্রকৃত অর্থে অর্থনৈতিকভাবে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, কর্মহীন আছেন তাঁদের জন্য রেন্টাল রিলিফ নতুন সুযোগ নিয়ে এসেছে। ১২ থেকে ১৮ মাসের ভাড়া পাওয়ার জন্য এ কর্মসূচিতে তাঁরা আবেদন করতে পারেন।