নিউইয়র্কে বিএমএমসিসি ইসলামিক স্কুলের শিক্ষা সমাপনী অনুষ্ঠান

নিউইয়র্কের ব্রুকলিনের বায়তুল মা’মুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বিএমএমসিসি ইসলামিক স্কুলের গ্রীষ্মকালীন শিক্ষা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান হয় সম্পন্ন হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের অধ্যক্ষ মাওলানা রশীদ আহমদ। স্কুলের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আলী আকবরের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সিনিয়র শিক্ষক মাওলানা মমতাজুল করীম ও মাওলানা ফয়জুল্লাহ মাসুমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আবু আহমদ নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএমএমসিসির প্রেসিডেন্ট শিক্ষাবিদ আহমদ আবু উবায়দা। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের হিফজ বিভাগের পরিচালক হাফেজ মোশাররাফ হোসাইন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএমসিসির সেক্রেটারি জেনারেল মোশাররাফুল মাওলা সুজন, পিআইসি কোরআন একাডেমির পরিচালক ইমাম শরীফ ফয়জুল্লাহ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান ও সিস্টার হিরা বেগম। শিক্ষকদের পক্ষে মাওলানা মাহমুদুল হাসান ও হাফেজা কারীমা হাশেম বক্তব্য রাখেন। স্কুলের শিক্ষক মাওলানা আমিনুর রহমান, মাওলানা আবদুল মন্নান, হাফেজ আমানত উল্লাহ, হাফেজ রাসেল আহমদ, নাজমুস সাকিব, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুস সাত্তার, শিক্ষক আলেয়া বেগম, জেসমিন আক্তার, সুফিয়া খানম, সানজিদা তাইয়্যিবা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএমএমসিসির সাবেক প্রেসিডেন্ট আবুল ফজল ফয়সল, কোরআন একাডেমির শিক্ষক শায়খ ইবরাহীম কামারা ও হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা বুরহান উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাসভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৩৬জন শিক্ষার্থীর মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদপত্র ও স্কুল ব্যাগ তুলে দেন। সামার সেশনে অংশগ্রহণকারী ৩০০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ রশীদ আহমদ জানান, ৭ সেপ্টেম্বর থেকে স্কুলের অন্য প্রোগ্রাম উইকেন্ড স্কুলের ক্লাস শুরু হচ্ছে। ইসলামের মৌলিক শিক্ষার জন্য উইকেন্ড স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।