নিউইয়র্কে বিক্ষোভ কিছুটা কমেছে, সহিংসতা হয়নি
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের কথিত নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ গত শনিবার টানা চতুর্থ রাতের মতো চলে। নিউইয়র্কসহ বিভিন্ন শহরে মিছিল-সমাবেশ করে বিক্ষোভকারীরা। তবে বৃষ্টির কারণে নিউইয়র্কে বিক্ষোভকারীর সংখ্যা আগের দিনগুলোর তুলনায় কিছুটা কম ছিল। খবর রয়টার্সের।
মিজৌরির ফার্গুসনের পর নিউইয়র্কে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নিহত হওয়া এবং হত্যার অভিযোগ থেকে সংশ্লিষ্ট পুলিশকে অব্যাহতি দেওয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নিউইয়র্কে শনিবার বিক্ষোভের মাত্রা কমে যাওয়া প্রসঙ্গে নগরের ব্যস্ত এলাকা টাইমস স্কয়ারে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, বৃষ্টির কারণে বিক্ষোভকারীর সংখ্যা কমেছে বলে মনে হয়। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। বৃষ্টির মধ্যেও সেখানে অন্তত ২০০ জনকে বিক্ষোভ করতে দেখা যায়।
নিউইয়র্কে কোনো সহিংসতা না হলেও শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করে।
বিক্ষোভ হয়েছে কানেটিকাটেও। গতকাল রোববার নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, মায়ামিসহ বিভিন্ন শহরে একযোগে প্রতিবাদ কর্মসূচি চালানোর কথা বিক্ষোভকারীদের।