নিউইয়র্কে বিনা ভাড়ায় বাস ভ্রমণের সুবিধা শেষ
নিউইয়র্কে বিনা ভাড়ায় সিটি বাস ভ্রমণের সুবিধা গত ৩১ আগস্ট শেষ হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৩ মার্চ থেকে নগরীতে সিটি বাস ভ্রমণে যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হয়নি। তবে এখন প্রত্যেক যাত্রীকে বাসের নির্ধারিত ভাড়া দিয়ে চলাচল করতে হবে।
জানা গেছে, নিউইয়র্কে সিটি বাসের সামনের দরজায় যাত্রীদের ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে। এতে বাস চালকের করোনা সংক্রমণের আশঙ্কা বেশি থাকায় এমটিএ বাসের পেছনের দরজা দিয়ে যাত্রী ওঠানো এবং ভাড়া ছাড়াই ভ্রমণের নিয়ম চালু করে। এতে চালকের সঙ্গে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় থাকে।
এমটিএ জানিয়েছে, গত ৩১ আগস্ট থেকে যাত্রীদের বাসের সামনের দরজা দিয়ে উঠতে হবে এবং প্রত্যেক যাত্রীকে বাসের নির্ধারিত ভাড়া দিতে হবে।
নিউইয়র্কে শহরে ট্রানজিটের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সারা ফেইনবার্গ বলেন, ‘আমরা বাসযাত্রী ও কর্মচারীদের জানাতে চাই, তাঁদের নিরাপদ রাখতে যতটা সম্ভব বাসগুলো জীবাণুমুক্ত করা থেকে শুরু করে অপারেটরদের জন্য বাসের ভেতর সুরক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সারা ফেইনবার্গ বলেন, গত পাঁচ মাস সিটি বাস বিনা ভাড়ায় চলার কারণে এমটিএর ১৫৯ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
ট্রানজিট এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, বাস অপারেটরদের সুরক্ষা, অপারেটর এবং যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এমটিএর পুরো ৫ হাজার ৮০০ বাসে পলিকার্বনেট স্লাইডার এবং ভিনাইল পর্দা দেওয়া হচ্ছে।
গত পাঁচ মাস সিটি বাস বিনা ভাড়ায় চলার কারণে এমটিএর ১৫৯ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে
এখন থেকে এমটিএ ব্রিজ ও টানেল অফিসার এবং এজেন্সির ইগল দলের সদস্যরা সিটি বাসে থাকবেন। তাঁদের কাজ হবে যাত্রীদের বাস ভাড়া পরিশোধের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা এবং যাত্রীদের অবশ্যই মাস্ক পরার বিষয়ে জানানো।