নিউইয়র্কে বিস্ফোরণ : সন্দেহভাজন চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমাদ খান রাহামি। ছবি: রয়টার্স
আহমাদ খান রাহামি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবারের বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁর নাম আহমাদ খান রাহামি (২৮)। তিনি আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। নিউইয়র্কের পুলিশ বিভাগ তাঁর একটি ছবিও প্রকাশ করেছে।
শনিবারের ওই বিস্ফোরণে ২৯ জন আহত হয়। এদিকে ওই বিস্ফোরণস্থলের কাছাকাছি একটি ডিভাইস পাওয়া গেছে। তদন্তকারীরা ওই সন্দেহভাজনকে সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।
এক সপ্তাহ আগে বিশ্ববাণিজ্য কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় ছিল। সে পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এ ঘটনা ঘটল। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুইমো ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসীদেরই কাজ। তবে, এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।’
এর আগে নিউইয়র্কের মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, বিস্ফোরণের সঙ্গে এখন পর্যন্ত সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমরা মনে করছি, হামলার ঘটনাটি ইচ্ছাকৃত।’