নিউইয়র্কে বেশি, নিউজার্সিতে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার সবচেয়ে জনবহুল ও ব্যয়বহুল শহর নিউইয়র্ক। নিউইয়র্কের শুধু ম্যানহাটনেই প্রতিদিন কাজে যোগ দেন ৩০ লাখ মানুষ। এ তথ্যও চার বছরের পুরোনো। এর মধ্যে অর্ধেকেরও বেশি কর্মী আসেন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে। কর্মক্ষেত্রে যোগ দিতে তাঁদের সবাইকে প্রতিদিন যাতায়াত করতে হয় গণপরিবহনে। এতে ঝক্কিও কম নয়। প্রতিদিন এত দৌড়ঝাঁপ অনেক ব্যক্তির জন্যই বড় স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে। কিন্তু তারপরও তাঁরা ম্যানহাটনে থাকেন না। কারণ আর কিছুই নয়, এলাকাটি ভীষণ ব্যয়বহুল।
বহু মানুষের কাছেই কর্মক্ষেত্রে যোগ দিতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। একই সঙ্গে অর্থ ও ধৈর্যচ্যুতি কারণ হিসেবে বিবেচিত হলেও তাঁরা অনেকটা নিরুপায় বলা যায়। ম্যানহাটনের মতো বাণিজ্যিক এলাকায় বাস করাটা অনেকটা বিলাসিতা হিসেবে বিবেচিত। এ কারণে অনেকেই পার্শ্ববর্তী ব্রংকস, ব্রুকলিন, কুইন্সে বাস করেন। আর কাজের খাতিরে প্রতিদিন যাতায়াত করেন ম্যানহাটনে। এ ক্ষেত্রে গড়ে প্রতিদিন তাঁদের প্রায় ৪০ মিনিট করে ব্যয় হয়। একইভাবে নিউজার্সির হোবোকেন, জার্সি সিটি ও নিউওয়ার্ক থেকেও অনেকে প্রতিদিন ম্যানহাটনে এসে কর্মক্ষেত্রে যোগ দেন।
এ দুই দলের মধ্যে কাদের যাতায়াত ব্যয় কম হয়, তা নিরূপণে সম্প্রতি একটি তুলনামূলক পর্যালোচনা করেছে বিজনেস ইনসাইডার। এতে দেখা গেছে নিউইয়র্কের অন্য এলাকা থেকে ম্যানহাটনে যাতায়াতকারীদের পথভাড়া বাবদ ব্যয় নিউজার্সির বাসিন্দাদের তুলনায় বেশি।
নিউইয়র্কের ম্যানহাটন অনেক বেশি ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষেই এখানে থেকে অফিস করাটা সম্ভব হয় না। এখানে গড়ে আবাসন বাবদ একজনকে মাসে ব্যয় করতে হয় সাড়ে চার হাজার ডলার। ফলে ম্যানহাটনে কর্মক্ষেত্র রয়েছে এমন ব্যক্তিদের অর্ধেকেরও বেশি আশপাশের এলাকা থেকে প্রতিদিন যাতায়াত করেন। এ ক্ষেত্রে নিউজার্সির হোবোকেন, জার্সি সিটি ও নিউওয়ার্ক থেকে ম্যানহাটনে আসতে গড়ে একজনকে মাসে ব্যয় করতে হয় ৮৯ ডলার। অন্যদিকে নিউইয়র্ক সিটির অন্য এলাকা থেকে ম্যানহাটনে প্রতিদিন যাতায়াতে একজনকে মাসে ব্যয় করতে হয় গড়ে ১২১ ডলার।
এ দুই এলাকায় বসবাসের ক্ষেত্রেও রয়েছে ব্যয়ের তারতম্য। নিউইয়র্কের তুলনায় নিউজার্সিতে আবাসন ব্যয় তুলনামূলক কম। নিউজার্সির জার্সি সিটিতে মাসে আবাসন বাবদ ব্যয় করতে হয় গড়ে প্রায় ১ হাজার ৪০০ ডলার। হোবোকেন ও নিউওয়ার্কে এর পরিমাণ যথাক্রমে প্রায় ২ হাজার ও ৪ হাজার ডলার। অন্যদিকে ব্রংকসে এ বাবদ ব্যয় প্রায় ২ হাজার ডলার হলেও ব্রুকলিনে তা ২ হাজার ২০০ ডলারের কাছাকাছি। আর কুইন্সে এর পরিমাণ ২ হাজার ৮০০ ডলারেরও বেশি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে তুলনামূলক চিত্রটি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিজনেস ইনসাইডার এ ক্ষেত্রে বাসা ভাড়ার বাইরে অন্য কোনো বিল বা খরচকে আমলে নেয়নি। ফলে এলাকাভেদে এ ক্ষেত্রে বড় ধরনের তারতম্য ঘটতে পারে। তাদের তথ্যমতে, নিউজার্সির নিউওয়ার্ক ও জার্সি সিটি উভয়েরই ব্যয় নিউইয়র্কের অন্য তিন এলাকা থেকে কম। এসব অঞ্চল থেকে ম্যানহাটনে যাতায়াতের ব্যয়ও কম। এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে হোবোকেন। ম্যানহাটনের পাশের এই এলাকাও অনেক বেশি ব্যয়বহুল।