নিউইয়র্কে ব্যতিক্রমী আয়োজন 'বাঁধ ভেঙে দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের পিএস সিক্সটি নাইন স্কুলের দোতলায় ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় বাঁধ ভেঙে দাও
জ্যাকসন হাইটসের পিএস সিক্সটি নাইন স্কুলের দোতলায় ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় বাঁধ ভেঙে দাও

বিটিভির সেই সাদা-কালো যুগে সাধারণত কোনো অনুষ্ঠানই দেখা বাদ দিতাম না। বিনোদনের উপকরণের এমন ছড়াছড়ি ছিল না তখন। বিটিভিতে শুধু একটা অনুষ্ঠান দেখা হতো না। তার নাম ‘সুর লহরী’। মানুষ কেন উচ্চাঙ্গসংগীতের মতো নিরানন্দ একটি বিষয়ের সাধনা করে, সেটাই ছিল তখন বড় বিস্ময়! কিন্তু বনফুলের সেই গল্পের মতো পাঠকের শুধু মৃত্যু ঘটে না, জন্ম হয় নতুন পাঠকেরও। যারা সুন্দরের সাধক, যারা সংগীতকে গভীরভাবে মন-প্রাণ-হৃদয় দিয়ে অনুভব করতে চান, সেই সব শ্রোতার জন্যও উচ্চাঙ্গসংগীত। সংগীত পরিষদের কৃতিত্ব এখানেই যে তারা এই প্রবাসে একশ্রেণির উচ্চমার্গীয় শ্রোতা সৃষ্টি করেছে। ভিন্ন সংস্কৃতির মাঝে বেড়ে ওঠা শিশুদের দিয়েছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের পাঠ।
অন্যদিনের তুলনায় সেদিন শীতটা ছিল সহনীয়। ২৫ নভেম্বর জ্যাকসন হাইটসের পিএস সিক্সটি নাইন স্কুলের দোতলায় ঢুকে বিস্মিত হতে হলো। কানায় কানায় ভর্তি অডিটরিয়ামে সবাই সমবেত হয়েছেন সংগীত পরিষদের পরিবেশনা টেগোর বেঙ্গলি ইনডিপেনডেন্স উপলক্ষে আয়োজন ‘বাঁধ ভেঙে দাও’ দেখার জন্য। নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কিংবা মৃত্যুবার্ষিকীর মাস নয়। স্বাধীনতা দিবসের মাসও নয় নভেম্বর। তবে কেন এই মাসে আয়োজন? সংগীত পরিষদের প্রধান শিক্ষক ও কর্ণধার কাবেরী দাসের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘কুইন্স কাউন্সিল অব দ্য আর্ট’ থেকে এ বছর আমরা একটি ফান্ড পেয়েছি, যে কারণে তাদের নির্দেশিত তারিখের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা জরুরি ছিল। ফান্ডের অর্থের তুলনায় অনুষ্ঠান আয়োজনে বেশি ব্যয় হলেও কুইন্সের মূলধারার সংস্কৃতিচর্চার সঙ্গে নিজেদের যুক্ত করার ভাবনা থেকে এই সময়ে ‘টেগোর বেঙ্গলি ইনডিপেনডেন্স’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।’ উল্লেখ্য, কুইন্স কাউন্সিল অব দ্য আর্ট থেকে কোনো অনুষ্ঠান আয়োজনের এই প্রথম ফান্ড পেয়েছে সংগীত পরিষদ। প্রবাসে বাঙালি সংস্কৃতিচর্চার আরেকটি বড় সংগঠন বিপা সাধারণত কাজ করে থাকে তাদের সঙ্গে।
এই অনুষ্ঠানে সংগীত পরিষদের পরিবেশনার ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাগাশ্রয়ী গান প্রাধান্য পেয়েছে। ছয়টি রাগের ধ্রুপদ, ছোট খেয়াল, চতুরং ও প্রাচীন লোকসংগীত থেকে ‍প্রভাবিত হয়ে কবিগুরু যেসব গান রচনা করেছেন, সেই সব গানের দুটি উৎসমুখ তথা দুটি লোকগান পরিবেশিত হয় অনুষ্ঠানে। এটি ছিল প্রথম পর্বের পরিবেশনা। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় শিল্পী পারমিতা মুমুর পরিবেশনায় রাগসংগীত এবং বিশিষ্ট সেতারবাদক মুর্শেদ খান অপুর পরিবেশনায় সেতারে বিভিন্ন রাগের গৎ ও ধুন।
ঘরোয়াভাবে আয়োজিত হলেও এত বড় পরিসরে রাগরাগিনীভিত্তিক অনুষ্ঠান এই প্রথম। যে মাইলফলকটি অর্জিত হলো সংগীত পরিষদের সদস্যদের দক্ষতা ও কর্মতৎপরতায়। একুশে পদকপ্রাপ্ত সংগীতসাধক প্রয়াত রামকানাই দাসের কন্যা কাবেরী দাস এখন সংগীত পরিষদের কর্ণধার। আগে বাংলাদেশে চর্চা থাকলেও ২০০২ সাল থেকে নিউইয়র্কে পথচলা শুরু হয় সংগঠনটির। শুরু থেকে এ পর্যন্ত সংগঠনটি কোনো জনপ্রিয় হিট গানের অনুষ্ঠান করেনি, নিউইয়র্কের অনেক সংগঠন যেটা করে থাকে। তারা সস্তা জনপ্রিয়তার আশায় সেটা করে। গানের মূল নিষয় না শিখে শুধু মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেন অধিকাংশ শিল্পী। অনেক প্রতিষ্ঠান থেকে তাঁদের সেই প্রস্তাবও দেয়া হয়। কিন্তু সংগীত পরিষদ কখনো সাধনার জন্য সংক্ষিপ্ত পথ বেছে নিতে উৎসাহিত করে না। এ নিয়ে কাবেরী দাস বলেন, ‘আজ গান শিখে কাল মঞ্চে ওঠার প্রতিশ্রুতি দিয়ে আমি কাউকে গান শেখাই না। সংগীত সাধনার বিষয়, সুরের গভীরে যেতে না পারলে কখনো বড় শিল্পী হওয়া যায় না। এ জন্য আমার সংগঠন থেকে অনেক শিল্পী চলেও যান। তবু আমি এ ব্যাপারে কোনো আপস করি না। যে গান গাওয়ার জন্য উপযুক্ত, আমি কেবল তাকেই মঞ্চে ওঠার সুযোগ দিই।’
শনিবারের অনুষ্ঠানে মঞ্চ দেখে মুগ্ধ হতে হলো। পেছনে সংগীত পরিষদের নিয়মিত শিল্পীরা। তাঁদের সামনে বসে আছে একদল শিশু-কিশোর-কিশোরী। ৫ থেকে ১২ বছর বয়সের মধ্যে ওঠানামা করছে তাদের বয়স। তারা কেউ নোট দেখে গান গাইছে না। প্রতিটি গানের পরে তারা সেই গানের উচ্চাঙ্গসংগীত পরিবেশন করছে। সুরের মায়াজাল দিয়ে স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হলো যেন আশপাশে।
শীতের উষ্ণ সন্ধ্যায় ফারুখ ফয়সাল ও ফাতেমা সাহাব রুমার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কাবেরী দাস। ‘নিত্য নব, সত্য তব’-বিলাবল রাগে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সংগীত পরিষদের শিক্ষার্থীরা। গানের পর সমবেত কণ্ঠে বিলাবল রাগের খেয়াল পরিবেশিত হয়। এরপর শিক্ষার্থীরা ভৈরবী রাগে পরিবেশন করেন ‘তোমার পতাকা যারে দাও’। এরপর আবার ভৈরবী রাগের তারানা পরিবেশন করে সংগীত পরিষদের খুদে শিল্পীরা।
তৃতীয় পরিবেশনা ছিল খমাজ রাগভিত্তিক। খমাজ রাগটিকে অঞ্চলভেদে খামাজ ও খাম্বাজ রাগও বলা হয়। ক্রিস্টিনা লিপি রোজারিও তাঁর অপরূপ সুরেলা কণ্ঠে এরপর খমাজ রাগে পরিবেশন করেন
‘আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে’। গানের পর এই রাগে বেহালায় গানটির সুর বাজান শিল্পী শ্রুতিকনা দাস।
খমাজ রাগের ছিল ইমন রাগের গান। অতিথি শিল্পী নন্দিনী পোদ্দার এই পর্যায়ে গেয়ে শোনান রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে’। আগের গানের মতো এবারও ইমন রাগের চৌতালে একটি ধ্রুপদ পরিবেশিত হয়। ধ্রুপদটি রচনা করেছিলেন সম্রাট আকবরের নবরত্ন সভার গৌরব, সংগীতসাধক ও অমর শিল্পী মিঁয়া তানসেন। সেই তানসেন, যিনি সুরের জাদুতে বৃষ্টি নামাতে পারতেন। ধ্রুপদ পরিবেশনায় ছিল স্তুতি দাস, আফরিন খান, প্রার্থনা নাথ, অনন্যা দেবী, শ্যামা দত্ত ও তাহিয়াত অধরা। এরা সবাই সংগীত পরিষদের শিশু শিক্ষার্থী।
নন্দিনী পোদ্দার তাঁর সুললিত কণ্ঠে এরপর তাঁর দ্বিতীয় গানটি পরিবেশন করেন। রবীন্দ্রনাথের বহুল শ্রুত একটি গান ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?’ পাওয়া না-পাওয়ার চিরন্তন আকুতিভরা এই অবিস্মরণীয় গান মধ্যরাতের রাগ-কাফি রাগের। গান শেষে কাফি
রাগের খেয়াল পরিবেশন করে শিশু শিক্ষার্থীরা।
প্রথম পর্বের শেষ দিকে ছিল দারুণ চমক। রবীন্দ্রসংগীতে প্রাচীন বাংলা লোকসংগীতের যে প্রভাব, সেটাই জানা যায় এই পর্যায়ে। বাংলার লোকসংগীতের সুর, বিশেষত বাউলদের মুখের গান বিশ্বকবিকে আকৃষ্ট করেছিল প্রবলভাবে। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানটির সুরও নোবেল পুরস্কার বিজয়ী এই কবি নিয়েছিলেন লোকসংগীত থেকে। নানা গানে এর প্রভাব আছে। এই ধারার দুটি গান গেয়ে শোনান নিউইয়র্কের অন্যতম জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। এই অংশের নাম দেওয়া হয় উৎসমুখ-লোকগান।
‘ভেঙে মোর ঘরের চাবি/নিয়ে যাবি কে আমারে?’ রবীন্দ্রনাথের এই গানটি আমরা সবাই জানি, কিন্তু এর মূল সুরের গানটি আমরা কজন জানি! কিংবা ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে/তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চল রে’! প্রথম গানটির মূল গান হচ্ছে ‘দেখেছি রূপ সাগরে মনের মানুষ, কাঁচা সোনা’। দাদরা তালে দ্বিতীয় গানটির মূল গান ছিল ‘হরি নাম দিয়ে জগৎ মাতালে/আমার একলা নিতাই’। শাহ মাহবুবের দরাজ কণ্ঠে গান দুটি জমিয়ে দেয় পুরো অডিটরিয়াম।
প্রথম পর্বের শেষ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে সংগীত পরিষদের খুদে শিল্পীরা—‘এ কি এ সুন্দর শোভা’। গানের শেষে চতুরং পরিবেশনায় ছিলেন সংগীত পরিষদের ছাত্রছাত্রীরা। প্রথম পর্বের শেষ আয়োজন ছিল নৃত্য। পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী প্রিমা সিংহে। শিল্পী প্রিমা সিংহের জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে। ওস্তাদ ইউনুস আহমেদের কাছে তাঁর নাচের হাতেখড়ি। পরবর্তী সময়ে নাজমুল হক লেলিনের কাছে দীর্ঘদিন তালিম নেন নাচের। শিল্পী প্রিমা সিংহ ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মনিপুরি নৃত্য, সাধারণ নৃত্য, পল্লি ‍নৃত্যে নিয়মিত প্রথম কিংবা দ্বিতীয় স্থান দখল করার কৃতিত্ব দেখান। গুণী এই শিল্পীর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
দ্বিতীয় পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হলেন পারমিতা মুমু। প্রতিভাবান এই শিল্পীর পরিবেশনায় শুধু বাঙালিরা নয়, ভিনদেশের ভাষাভাষীরাও সমানভাবে মুগ্ধ হন। তাঁরা বিস্মিত হন মুমুর গায়কী, তাঁর কণ্ঠের বলিষ্ঠতা, সংগীত পরিবেশনার একাগ্রতায়। যেন পিনপতন নীরবতা বিরাজ করে হলজুড়ে। তিনি খেয়াল ও ঠুমরি গেয়ে শোনান। একজন প্রতিভাবান শিল্পী পারমিতা মুমুকে দর্শকদের কাছে উপস্থাপন করেন সংগীত বিশারদ মুত্তালিব বিশ্বাস।
পারমিতা মুমুর পরে অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলেন বিশিষ্ট সেতারবাদক মুর্শেদ খান অপুর পরিবেশনা। অতিথি এই শিল্পীর পরিবেশনা সবাই তন্ময় হয়ে শোনেন। বাংলাদেশের বিখ্যাত সেতারবাদক খুরশেদ খানের সুযোগ্য সন্তান তিনি। বংশপরম্পরায় বাবার সাধনাকে বয়ে চলেছেন ছেলেও। এতক্ষণ শিল্পীদের বাদ্যযন্ত্র দিয়ে যাঁরা সহযোগিতা করেছেন—তবলায় মীর নকিবুল ইসলাম, কি-বোর্ডে মাসুদ রহমান, মন্দিরায় শহীদ উদ্দীন, তানপুরায় উর্মী খান ও শ্রুতিকনা দাশ এবং শব্দ নিয়ন্ত্রণে ছিল বি ডি সাউন্ড।
সুরের মূর্ছনায় তন্ময় দর্শকেরা অবশেষে একরাশ ভালো লাগার রেশ নিয়ে ঘরে ফিরে যান। যাঁদের পরিশ্রমে এত বড় আয়োজন সফলভাবে শেষ হয়েছে তাঁদের কথা না বললেই নয়। এঁদের মধ্যে শিরীন রহমান আলো, ফকির এখলাসুর রহমান ও নিরঞ্জন দাসের কথা বলতেই হয়। পুরো আয়োজন যে নিরবচ্ছিন্ন ভালো লাগা উপহার দিয়েছে এমন নয়। প্রতি পর্বের শেষে পর্দা ফেলে দেওয়া ভালো লাগেনি। এতে করে আয়োজনে ছন্দপতন হয়েছে। দর্শকদের অনেকে আসন ছেড়ে বাইরে চলে গেছেন।