নিউইয়র্কে ব্যবসা-বাণিজ্য খুলতে পারে, ৪ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা যেভাবে নিম্নমুখী হবে বলে আশা করা হচ্ছিল সেটি হচ্ছে না। তবে হাসপাতালে ভর্তির সংখ্যা দিনে দিনে কমছে। আক্রান্তের মধ্যে আইসিইউতে যাওয়া রোগীর সংখ্যাও কমছে। এরই মধ্যে ধাপে ধাপে নিউইয়র্কের ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।
জনস হপকিন্স থেকে সর্বশেষ পাওয়া হিসাব মতে, করোনাভাইররাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা প্রায় ৫২ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৫ হাজার। এখনো করুণ অবস্থা নিউইয়র্ক নগরের। কঠিন এক বাস্তবতা নিয়ে বেঁচে আছেন নির্ঘুম রাজ্যের বাসিন্দারা।
গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৪২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আরও ৪ বাংলাদেশি রয়েছেন। তাঁরা হলেন—কুইন্স অ্যাস্টোরিয়ার বাসিন্দা সৈয়দ ফারুক আহমেদ (৬০), আক্তারুজ্জামান (৭০), ওজোন পার্কের নিজামউদ্দিনের সহধর্মিণী রাবেয়া খাতুন (৫৫) এবং একই বোরোর মেহেরুন্নেসা।
এ নিয়ে করোনাভাইরাসে আমেরিকায় মোট ১৯৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর বলেন, হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা ক্রমশই কমছে। আইসিইউতে যাওয়া রোগীর সংখ্যাও কম আসছে। তবে টেস্টিং সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক লোকজনের মধ্যে করোনা পজিটিভ ধরা পড়ছে, যা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
গভর্নর কুমো বলেন, রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা এর মধ্যেই ১৬ হাজার ছাড়িয়ে গেছে। এক মাসের মধ্যে ২৪ এপ্রিল শুক্রবার সবচেয়ে কম মৃত্যু যোগ হয়েছে। বৃহস্পতিবার ৪২২ জনের মৃত্যুর সংবাদ জানানো হয়েছে। রাজ্যে ১ হাজার ২৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন সংক্রমণ নিয়ে। গভর্নরের হিসাব মতে, ২ লাখ ৬৩ হাজার ৪৬০ জনের নিশ্চিত সংক্রমণ পাওয়া গেছে।
গভর্নর ধাপে ধাপে ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, ১৫ মে পর্যন্ত পুরো রাজ্যে লকডাউন আদেশ বলবৎ আছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এখনই আমরা স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে ফিরে গেলে সংক্রমণ দ্রুত ফিরে আসবে। আসছে সপ্তাহের মধ্যেই নিউইয়র্ক পর্যায়ক্রমে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’
গভর্নর কুমো ও নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও দুজনই বলেছেন, আমাদের সামাজিক দূরত্বের চর্চা কঠিনভাবে অনুসরণ করে যেতে হবে। এর মাধ্যমেই ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।