নিউইয়র্কে ব্যবসার দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ব্যবসায়ীদের পরিসর ছোট হয়ে আসছে। অফিস গুটিয়ে চলে গেছেন কয়েক লাখ ব্যবসায়ী। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর পরিস্থিতি আরও খারাপ হয়। প্রথম ঢেউয়ে বন্ধ হওয়া ব্যবসা আবার চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর যেসব প্রতিষ্ঠান খোলা আছে, তাদের অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক ব্যবসায়ী নিয়মিত ভাড়া পরিশোধ করতে পারছেন না। ফলে একদিকে ব্যবসা বন্ধের সংকট, অন্যদিকে খালি হওয়া দোকান–অফিস ভাড়া দিতে না পেরে মর্টগেজ নিয়ে শঙ্কায় আছেন বাণিজ্যিক ভবনের মালিকেরা।

দুই মাস আগে নিউইয়র্ক নগরের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ৩ লাখ ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারনা করা হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বন্ধ হওয়া ব্যবসা প্রতিষ্ঠান সরকারি সহায়তা পেলেও ব্যবসার ধীর গতি তথা বেচা–বিক্রি কমে যাওয়ায় সরকারি সহায়তার ডলারও শেষ হয়ে গেছে। আরও এক দফা সহায়তার কথা ঘোষণা করা হলেও বেশি ডলার পাওয়ার আশা করছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা মনে করেন, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সহায়তার ডলার পাওয়ার সম্ভাবনা নেই।

জ্যাকসন হাইটসের সবচেয়ে পরিচিত ব্যবসার কেন্দ্র স্থল বাংলাদেশ প্লাজা। বাণিজ্যিক ভবন হিসেবে এই ভবনটি বেশ পরিচিত। করোনার পর থেকে এই ভবনের বেশির ভাগ ব্যবসায়ী অফিস বন্ধ করে চলে গেছেন। মাসের পর মাস অফিসগুলো খালি পড়ে আছে।

জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ব্রুসন ভবনেও একই অবস্থা দেখা গেছে। অনেকেই মাসের পর মাস ভাড়া দিতে পারছেন না। তাই দেনার ভার বেশি না করে অফিস ছেড়ে চলে গেছেন।

ব্যবসা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। বিমান চলাচল প্রায় বন্ধ থাকায় এই খাতে হাহাকার বিরাজ করছে। অনেকেই সারা মাসে ৫/৬টি টিকিট বিক্রি করছেন। এই নামমাত্র টিকিট বিক্রি করে চায়ের পয়সাও হয় না। তাই অনেকেই অফিস ছেড়ে বাসা থেকে টিকিট বিক্রি করছেন।

রেস্তোরাঁ ব্যবসায়ও স্থবিরতা বিরাজ করছে। সিটির আইন অনুযায়ী, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ বন্ধ রয়েছে। ফলে আগের মতো রেস্তোরাঁয় গ্রাহকদের ভিড় দেখা যায় না।

ফ্যাশন হাউসেও আগের মতো বেচা–বিক্রি নেই। ক্রেতারা শোরুমে আসেন না। তাই দোকান ছেড়ে অনলাইনে ব্যবসার ওপর জোর দিচ্ছেন অনেকে।

সব মিলিয়ে নিউইয়র্কে ব্যবসার পরিসর ছোট হয়ে আসছে। কবে আবার পরিস্থিতি ঠিক হবে, তাও কেউ জানে না।

ব্যবসারয় নাজুক পরিস্থিতি প্রসঙ্গে ব্যবসায়ী ও জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান বলেন, ‘করোনায় অনেক ব্যবসা শেষ হয়ে গেছে। বন্ধ হওয়া ব্যবসাগুলো আর আলোর মুখ দেখবে কিনা, জানি না। তবে আমরা আশাবাদী, করোনা চলে গেলে আবার বন্ধ হওয়া ব্যবসা চালু হবে।’

ব্যবসা বন্ধ হওয়া প্রসঙ্গে বিগ ডিজাইনের সিইও মৌমিন মজুমদার বলেন, ব্যবসায় চরম মন্দা বিরাজ করছে। ব্যবসায়ীদের ভাড়া পরিশোধ করতে অনেক কষ্ট হচ্ছে। এই নাজুক পরিস্থিতি থেকে মুক্তির জন্য সবার প্রার্থনা করা উচিত।