নিউইয়র্কে ব্লাজিওর উত্তরসূরি কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু ইয়াং, এরিখ অ্যাডামস, স্কট স্ট্রিঙ্গার

বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক নগরের মেয়র পদে নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে। ফলে, আলোচনা শুরু হয়েছে, কে হচ্ছেন নিউইয়র্ক নগরের পরবর্তী মেয়র? অ্যান্ড্রু ইয়াং, এরিখ অ্যাডামস নাকি স্ট্রিঙ্গার?

নিউইয়র্ক নগরে সব দলের অংশগ্রহণে আগামী নভেম্বর মাসে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মূল নির্বাচনে লড়াইয়ের আগে আগে শুরু হচ্ছে দলের মধ্যে প্রার্থীদের এগিয়ে যাওয়ার লড়াই। এ লক্ষ্যে আগামী মাসে ডেমোক্র্যাটদের প্রাইমারি নির্বাচন বা প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডেমোক্র্যাট অধ্যুষিত এই নগরে আগামী মাসের প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হবে, তিনিই হবেন দলের মেয়রপ্রার্থী। ডেমোক্রেটিক দলের প্রাথমিক বাছাইয়ের দিকে এখন সবার চোখ। নিউইয়র্কের মেয়র নির্বাচন ও এর প্রভাব কেবল নিউইয়র্কে নয়, প্রভাব পড়ে পুরো যুক্তরাষ্ট্রে। বিশ্বজুড়েও নিউইয়র্কের মেয়র কে হচ্ছেন, তার প্রতি আগ্রহ থাকে।

নিউইয়র্কের বর্তমান ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাজিও। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে ব্যর্থ হয়েছেন। ২০১৩ সালে নিউইয়র্কের মেয়র পদে নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর জনপ্রিয়তার হার বেশ নেতিবাচক ও কম ছিল। তাঁর অনেক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হয়েছে, রয়েছে নানা সমালোচনা। আবার দুই মেয়াদে মেয়র থাকার পর ব্লাজিওর পক্ষে তৃতীয় মেয়াদে নির্বাচনে লড়াই করার কোনো সুযোগ নেই। তাই, এবার সবার আগ্রহ, কে হবেন তাদের পরবর্তী নগরপিতা, যিনি সবার জন্য কাজ করে যাবেন।

নির্বাচনের তোড়জোড় শুরুর পর থেকে ইতিমধ্যে ৪০ জন এই পদে প্রচারের কাগজপত্র জমা দিয়েছেন। অবশ্য বর্তমান মাত্র ১০ জনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এর মধ্যে আলোচনায় রয়েছেন ডেমোক্রেটিক দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী অ্যান্ড্রু ইয়াং, সাবেক পুলিশ কর্মকর্তা এরিখ অ্যাডামস, প্রগতিশীল কর্মী ডায়ান মোরেলস, আইনজীবী মায়া উইলি ও নিউইয়র্ক নগরের কম্পট্রোলার স্কট স্ট্রিংগার।

এঁদের মধ্যে স্কট স্ট্রিংগারের সম্ভাবনা বেশ ভালো থাকলেও ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তিনি অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। এরপরে রয়েছেন স্যানিটেশন বিভাগের সাবেক কমিশনার ক্যাথরিন গার্সিয়া, যিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচনের দৌড়ে বেশ এগিয়ে আছেন এরিক অ্যাডামস। তিনি সাবেক একজন পুলিশ কর্মকর্তা এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নির্বাচনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন অ্যান্ড্রু ইয়াং, যিনি ডি ব্লাজিওর মতো ইউনিভার্সাল বেসিক আয়ের প্রস্তাব নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। ইয়াং নির্বাচনী প্রচারে নিউইয়র্ক নগরকে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষ প্রকাশ করেছেন।

তবে ইয়াংয়ের চেয়ে নতুন নির্বাচনী জরিপে কিছুটা এগিয়ে রয়েছে অ্যাডামস। অন্যদিকে স্ট্রিংগারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সত্ত্বেও জরিপে জনপ্রিয়তার নিরিখে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।

জেনে রাখা ভালো, এবার নিউইয়র্কে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের মাধ্যমে ভোটদান বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে। শুধু একজনকে ভোট না দিয়ে পছন্দের ক্রমানুসারে প্রার্থীদের তালিকাভুক্ত করে ভোট দেওয়া যাবে। ধরুন, আপনার তিনজন প্রার্থীকেই ভালো লাগে, তাহলে তাদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালো লাগে, তাকে এক নম্বরে, তারপর যাকে একটু কম ভালো লাগে তাকে দুই নম্বরে তালিকাভুক্ত করে ভোট দেওয়া যাবে।