নিজ গৃহে অবহেলিত মা–বাবা আজ আর অপাংক্তেয় নন। আর অবহেলার শিকার হচ্ছেন না শ্বশুর–শাশুড়ি। পরিবারের বোঝা মনে করা হতো যাঁদের, তারা এখন সম্পদে পরিণত হয়েছেন। প্রবাস জীবনে অনেক আদরের সন্তানদের মা–বাবার প্রতি অবহেলার অভিযোগ ছিল। পড়ন্ত বয়সে প্রবাসে এসে অনেকে বিড়ম্বনার মুখে পড়েছেন। লজ্জা, আত্মসম্মানের ভয়ে মুখ খুলে বলতে পারেননি। চেনা সন্তানদের অচেনা চেহারা দেখে ফরিয়াদ করেছেন নীরবে নিভৃতে।
হোমকেয়ার নামে চালু হওয়া কর্মসূচি সব পাল্টে দিয়েছে। নিউইয়র্কে এখন প্রবীণদের কদর বেড়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের এই কর্মসূচিতে নিজের পরিবারের প্রবীণদের দেখাশোনা করে অর্থ উপার্জনের পথ খুলেছে সন্তান ও স্বজনদের। ঘণ্টায় ১৭ ডলারের বেশি পারিশ্রমিক পাওয়া যাচ্ছে। এর জন্য কোনো দক্ষতার প্রয়োজন নেই। প্রবীণরা নিজ পরিবারের সদস্যদের সেবা পাচ্ছেন। বিনিময়ে সদস্যটি পাচ্ছেন পারিশ্রমিক। প্রবীণদের আদর যত্ন হঠাৎ করেই বেড়ে গেছে এখন। বাবা–মা, শ্বশুর–শাশুড়ির প্রতি এখন অনেকের অতিরিক্ত টান। ঘরে এমন একজন থাকা মানে ঘরে বসেই ডলার উপার্জনের মোক্ষম সুযোগ। এখন অনেকেই হাতছাড়া করতে চান না এমন সুযোগ।
আগে থেকেই এমন সেবা চালু থাকলেও সম্প্রতি এই সেবা কর্মসূচি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কমিউনিটিতে এ সেবার প্রসারে এগিয়ে এসেছে অনেক হোমকেয়ার প্রতিষ্ঠান। প্রবীণদের সরকারি সহায়তায় সেবা দিচ্ছে নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন অনেক হোমকেয়ার। ঘরে ঘরে ফোন করে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। কমিউনিটি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সেবা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। প্রবীণদের এ সেবার আহ্বানে সাড়া দিয়ে উপকৃত হচ্ছেন বাংলাদেশি হাজার হাজার পরিবার। নিজ ঘরে বয়স্কদের দেখভাল করে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন অনেকে। ঘরে ১৮ বছরের ওপরে বয়স এমন যেকোনো সদস্য নিজ ঘরের প্রবীণদের দেখাশোনা করে সপ্তাহে আয় করছেন ৬০০–৭০০ ডলার। বউ দেখছেন শ্বশুর–শাশুড়িকে, নাতনি দেখছে দাদা–দাদিকে—সপ্তাহ গেলে পাচ্ছেন নিশ্চিত পারিশ্রমিক। এ সুবিধা নিউইয়র্কেই বেশি পাওয়া যাচ্ছে। অন্যান্য অঙ্গরাজ্যে বাড়ির দাম কম, বাড়ির ট্যাক্স কম হলেও আমাদের প্রবাসীরা স্বাস্থ্য সুবিধাসহ প্রবীণ সেবা সুবিধা প্রাপ্তিতে নিউইয়র্কেই ভালো করছেন বলে সরেজমিন দেখা গেছে।
ঘরে বসেই পাচ্ছেন স্বাস্থ্য সেবা। সরকারি নার্স ও প্রতি সপ্তাহেই ঘরে ঘরে এসে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। প্রবীণরা যার যার ধর্ম চর্চা করছেন আর সরকারি সেবা পাচ্ছেন। সেবাকার্যে নিয়োজিত হোম কেয়ারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন অনেকেই। হোমকেয়ারগুলোর কারণেই বৃদ্ধাশ্রমের অভিশপ্ত জীবন থেকে তারা রক্ষা পাচ্ছেন—মনে করেন প্রবাসই প্রবীণরা।
নিউইয়র্কে হোমকেয়ার ব্যবসায় প্রতিযোগিতা করে ভালো করার চেষ্টা করছেন অনেকেই। কোন প্রতিষ্ঠান বেশি সেবা দেবে, কোন প্রতিষ্ঠান গৃহসেবা দিয়ে বেশি মজুরি দেবে—এ নিয়ে চলছে প্রতিযোগিতা। সেবা খাতে এই প্রতিযোগিতায় লাভবান হচ্ছেন আমাদের প্রবীণরা। যারা নিছক গৃহবধূ ছিলেন, অন্য কোথাও কাজ কর্ম ছাড়াই প্রবাসই জীবন কাটছিল যাদের, তারাও এখন উপার্জন করছেন বেশ ভালোই।