
নিউইয়র্কের অন্যতম বৃহত্তম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সভায় সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ২৮ জানুয়ারি অ্যাস্টোরিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতারা এই গুরুত্বারোপ করেন।
সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য গজনফর আলী চৌধুরী, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, আবদুল বাসেত, বদনুর নাহার খান মিতা ও ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য একলিমুজ্জামান নুনু।
সভায় পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। সংগঠনের জালালাবাদ বিশ্ব সম্মেলনসহ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ। এ সময় সভায় উপস্থিত সবার মধ্যে সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের মুদ্রিত কপি বিতরণ করা হয়।
হলভর্তি উন্মুক্ত আলোচনা ও পরামর্শ সভায় নিউইয়র্ক ও নিউজার্সির সাংগঠনিক দক্ষতাসম্পন্ন বিপুলসংখ্যক জালালাবাদবাসী অংশ নেন। উম্মুক্ত আলোচনায় শুরুতেই সংগঠনের সাবেক সভাপতি জনউদ্দিনের কাছে রক্ষিত ৩৫ হাজার ডলার উদ্ধারে ব্যর্থতার ক্ষেত্রে বর্তমান কমিটিকে দায়ী করে অনেকেই ক্ষোভ প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। সংগঠনের সদস্যদের এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সাবেক সভাপতি জনউদ্দিন সংগঠনের তহবিলে ৩৫ হাজার ডলার জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
একই সঙ্গে সংগঠনের ফিলাডেলফিয়ার বাড়িটি বিক্রি করে নিউইয়র্কের যেকোনো স্থানে জালালাবাদ ভবন কেনার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। ভবন কেনার লক্ষ্যে জালালাবাদবাসী ইতিমধ্যে লক্ষাধিক ডলারের বেশি প্রতিশ্রুতি দিয়েছে। সেই সঙ্গে ওই দিন সাধারণ সভায় উপস্থিত অনেকে আরও ২৩ হাজার ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন।
সংগঠনের আগামী দিনের সুষ্ঠু দিক-নির্দেশনা ও পরামর্শদানে অংশ নেন সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক হেলিম উদ্দিন আহমদ, এবাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, আবদুল করিম, ছালে চৌধুরী, মঞ্জুর হোসেন চৌধুরী জগলু, আবদুল মোসাব্বির, সৈয়দ জুয়েল, শাহান খান, মিনহাজ আহমদ সাম্মু, আবদুল মালেক খান লায়েক, গউস উদ্দিন, শফি উদ্দিন তালুকদার, আবদুল মতিন, জুসেফ চৌধুরী, ফজলু মিয়া, শামসুর রহমান, সৈয়দ সিদ্দিকুল হাসান প্রমুখ। সভায় উপস্থিত জালালাবাদবাসীকে গভীর শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন ও ভবিষ্যতে সবার সহযোগিতা কামনা করে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি বদরুল হোসেন খান।
সাধারণ সভার দ্বিতীয় পর্বে ছিল সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য অধুনালুপ্ত সংবাদ পত্রিকার সম্পাদক গজনফর আলী চৌধুরীর বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান। গজনফর আলী চৌধুরী ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে স্থায়ীভাবে বাংলাদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। শারীরিক অসুস্থতা নিয়ে নিজ দেশে বাকি জীবন কাটাতে চান তিনি।
অশ্রুসিক্ত কণ্ঠে গজনফর আলী চৌধুরী বলেন, ‘সাংবাদিকতার মহান পেশায় নিজেকে যুক্ত রেখেছিলাম, সব সময়ই হলুদ সাংবাদিকতা থেকে দূরে থেকেছি। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, কিছু সংবাদপত্র অতীতে এমনকি বর্তমানেও হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে, যা সামাজিকভাবে অত্যন্ত ক্ষতিকর। তিনি বিনয়ের সঙ্গে হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সচেতন মহলকে হলুদ সাংবাদিকতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি সংবাদপত্রগুলোকে সাংবাদিকতার মান রক্ষার আহ্বান জানান।
গজনফর আলী চৌধুরী উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। দ্বিতীয় পর্বের শুরুতে গজনফর আলীর বর্ণাঢ্য জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী।