নিউইয়র্কে ভাড়াটিয়াদের সহযোগিতা করবে স্ট্রিট ইজি
নিউইয়র্ক নগরের ভাড়াটিয়াদের সুযোগ-সুবিধা ও অধিকার সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিয়েছে স্ট্রিট ইজি নামের একটি সংস্থা। উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটিয়া তাঁদের অধিকার সম্পর্কে সচেতন না থাকায় বিড়ম্বনার শিকার হতে হয়। বাড়ির মালিকদের বৈষম্য ও নিগ্রহের শিকার থেকে রক্ষা করার জন্য সচেতনতা সৃষ্টির এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
স্ট্রিট ইজি ডটকম নামের ওয়েবসাইটে গিয়ে বা তাদের অ্যাপস নামিয়ে এ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক ক্যারোলিন বার্টন জানিয়েছেন, আমাদের লক্ষ্য হচ্ছে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়ির মালিকদের সম্পর্কে ও সংযোগ বৃদ্ধি করা। ভাড়াটিয়াদের কাছে বাড়ি ভাড়া সংক্রান্ত সব তথ্য অবারিত করা এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা নিশ্চিত করার প্রয়াস নেওয়া হয়েছে।
নিউইয়র্কে স্বল্প আয়ের লোকজনের জন্য নগরের সেকশন-৮ নামের বহুল পরিচিত কর্মসূচি রয়েছে। এ কর্মসূচির আওতায় ভাউচারের মাধ্যমে ভাড়াটিয়াদের সমুদয় বাড়ি ভাড়া বা ভাড়ার বেশির ভাগ সরাসরি বাড়ির মালিকের কাছে পরিশোধ করা হয়। এ ধরনের ভাড়াটিয়াদের ইলেকট্রিক, গ্যাস বিল পরিশোধেও নগর থেকে সহযোগিতা পাওয়া যায়। নিউইয়র্কের বহু বাড়ির মালিক সেকশন-৮ এর ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া প্রদান করা এড়িয়ে যান। এর একাধিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে—সরকারি সূত্রে পাওয়া ভাড়ার এ অর্থ বছর শেষের কর বিবরণীতে ধামাচাপা দেওয়ার সুযোগ থাকে না।
নিউইয়র্কের আইন অনুযায়ী সেকশন-৮ এর ভাড়াটিয়াদের ভাড়া প্রদান অস্বীকার করা বেআইনি। এ নিয়ে বৈষম্যের অভিযোগ আনার সুযোগ রয়েছে। সেকশন-৮ এর অনুমোদন পাওয়ার পরও বহু ভাড়াটিয়াদের একটা বাড়ি ভাড়ার জন্য হন্যে হয়ে দৌড়ঝাঁপ করতে হয়। অনেক ক্ষেত্রেই আইন না জানার কারণে অল্প আয়ের লোকজন বঞ্চিত হয়ে থাকেন।
স্ট্রিট ইজি জানিয়েছে, এসব তথ্য দিয়ে তারা ভাড়াটিয়াদের পাশে থাকার উদ্যোগ নিয়েছে। বহু ক্ষেত্রে ভাড়া দেওয়ার জন্য নিম্ন আয় এবং গাত্র বর্ণের জন্য ভাড়াটিয়াদের বৈষম্যের শিকার হতে হয়। এসব বৈষম্যের বিরুদ্ধে যেকোনো ভাড়াটিয়া আইন অনুযায়ী প্রতিকার প্রত্যাশী হওয়ার সুযোগ রয়েছে।
ভোকাল নিউইয়র্ক নামের তৃণমূল সংগঠনের সহ নির্বাহী পরিচালক আলিশা আগুরিলেরা বলেছেন, আবাসন মানুষের একটি মৌলিক অধিকার। এরপরও নিউইয়র্কের লোকজনকে একটা আবাসনের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়। স্ট্রিট ইজির এই উদ্যোগের ফলে নিউইয়র্কে ভাড়াটিয়ারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে। এতে বাড়ি খুঁজে পেতে উদ্যোগটি সহায়ক হবে বলে তিনি মনে করেন।