নিউইয়র্কে ভাড়াবাড়ি থেকে উচ্ছেদকৃতরা অনশনে
নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে ৮৫ বাউরি’স্থ ভবন থেকে ৭৫ জন ভাড়াটেকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর দুর্বিষহ পরিবেশে রাখার প্রতিবাদে ও স্বগৃহে ফিরে যাওয়ার দাবিতে ১২ জন ভাড়াটে অনশন শুরু করেছেন। ৮ ফেব্রুয়ারি থেকে এ অনশন শুরু হয়েছে।
নগরীর ডিভিশন অব হাউজিং অ্যান্ড কমিউনিটি রিনিউয়ালের (ডিএইচসিআর) রায়ের নির্দেশ অমান্য করে নগরীর এইচপিডি বিভাগের কর্মী ও বাড়ির মালিক জোসেফ বেতেশ’র উদ্যোগে গত ১৮ জানুয়ারি ৮৫ বাউরির পাঁচতলা ভবন থেকে ৭৫ ভাড়াটেকে উচ্ছেদ করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি ও দাবিপত্র পাঠানোর পরও সংকটের কোনো মীমাংসা হয়নি। এ অবস্থায় ৮ ফেব্রুয়ারি উচ্ছেদ হওয়া ভাড়াটেদের কিছু সদস্য অনেকটা নিরূপায় হয়েই তাদের দুর্বিষহ পরিস্থিতির অবসানের দাবিতে অনশন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।
চায়নিজ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনসহ (সিএসডব্লিউএ) অন্যান্য সংগঠনের সূত্রে জানা গেছে, জোসেফ বেতেশ ও নগরীর হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের (এইচপিডি) সহযোগিতায় ১৮ জানুয়ারি মধ্যরাতে দুই ঘণ্টার মাথায় ৭৫ জন ভাড়াটেকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে ১৭ জনই শিশু। উচ্ছেদের পর এই ভাড়াটেদের ইস্ট নিউইয়র্কে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়।
মানবাধিকার সংস্থার এক মুখপাত্র প্রথম আলোকে জানান, বিনা নোটিশে উচ্ছেদ করা ৭৫ জন বাসিন্দার মধ্যে বহু শিশু ও বৃদ্ধ রয়েছেন। রয়েছেন অসুস্থ রোগী ও শিক্ষার্থীও। ইস্ট নিউইয়র্কের মতো একটি এলাকায় থাকায় বিপাকে পড়েছেন উচ্ছেদ হওয়াদের মধ্যে থাকা রোগী ও শিক্ষার্থীরা। রোগীরা দূরবর্তী চিকিৎসাকেন্দ্রে, শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে এবং কর্মজীবীদের কর্মস্থলে যেতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে এ আশ্রয়কেন্দ্রের আশপাশে দোকানপাট কিংবা খাবারের দোকান না থাকায় আশ্রিতরা সামগ্রিকভাবে বিপদাপন্ন অবস্থায় রয়েছেন।
নিম্ন আয়ের এসব ভাড়াটে ২০-২৫ দিন ধরে বাউরির ওই পাঁচতলা ভবনে ছিলেন। ভবনটি বেশ পুরোনো ও নড়বড়ে। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে সেখানে। বাসিন্দারা ভবনটি মেরামত ও সংস্কারের জন্য মালিক বেতেশকে বারবার অনুরোধ করে ব্যর্থ হন। এমনকি ডিএইচসিআর থেকেও ভবন মেরামতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভবন মালিক তা গা করেননি। শেষ পর্যন্ত গত ১৮ জানুয়ারি বেতেশ ওই স্থানে ডেভেলপারের মাধ্যমে বহুতল ভবন নির্মাণের কথা বলে দুই ঘণ্টার নোটিশে ভাড়াটেদের উচ্ছেদ করে।
এই ঘটনার প্রতিবাদে ১ ফেব্রুয়ারি ম্যানহাটনে সিএসডব্লিউএ, ফ্ল্যাশিং ওয়ার্কার্স সেন্টার, ন্যাশনাল মোবিলাইজেশন অ্যাগেইনস্ট সয়েটশপ (এনএমএসএস), ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা (ডিএসএ), সিটিওয়াইড অ্যালায়েন্স, ইয়ুথ অ্যাগেইনস্ট ডিসপ্লেসমেন্ট, টেকব্যাক এনওয়াইসি’সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার যৌথ সভা অনুষ্ঠিত হয়।
যৌথসভায় একটি মুদ্রিত আবেদনপত্র ও চিঠি বিতরণ করা হয়। হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্টের কমিশনারের কাছে ভাড়াটেদের পক্ষ থেকে লেখা ওই চিঠিতে ভাড়াটেদের অনুকূলে ডিএইচসিআরের রায় দেওয়া সত্ত্বেও এইচপিডি বিভাগের কর্মী ও বাড়ির মালিক মিলে ভাড়াটেদের উচ্ছেদ করেছেন বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এমন দায়িত্বহীন উদ্যোগের ফলে ভাড়াটেরা দুর্বিপাকে পড়েছেন। তাদেরকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ওই আবেদনে দ্রুত বাড়ির সংস্কার, নির্দেশ সত্ত্বেও বাড়ি সংস্কার না করায় বাড়ির মালিক বেতেশের বিচার ও মিথ্যা তথ্য প্রচার বন্ধের দাবি জানানো হয়।
এদিকে ২৬ জানুয়ারি ভাড়াটেদের অনুকূলে যৌথ চিঠি লেখেন স্টেট অ্যাসেম্বলি সদস্য উই-লাইন নিও, স্টেট সিনেটর ব্রায়ান ক্যাভান্যাগ, কংগ্রেস সদস্য নেডিয়া ভেল্যাজকুইজ, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিংগার, নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট লেতিসা জেমস ও ম্যানহাটন বোরো প্রেসিডেন্ট গেইল ব্রিউয়ার। নিউইয়র্ক স্টেট হোমস অ্যান্ড কমিউনিটি রিনিউয়াল কমিশনার, এইচপিডি কমিশনার, নিউইয়র্ক মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট কমিশনার বরাবর লেখা ওই চিঠিতে নিরাপদে ও দ্রুততার সঙ্গে উচ্ছেদকৃতদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। কিন্তু তারপরও ভাড়াটেদের সমস্যার কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতেই ঘর ফিরে পাওয়ার দাবিতে ১২ জন ভাড়াটে অনশনে বসেছেন।