নিউইয়র্কে মাস্ক না পরলে অতিরিক্ত জরিমানা
নিউইয়র্কে করোনাভাইরাস প্রতিরোধে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ এই আইন অমান্য করলে অতিরিক্ত জরিমানা করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।
নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ অক্টোবর অঙ্গরাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে এই নির্দেশনা দিয়েছেন।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় নিউইয়র্কের স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ৭ অক্টোবর থেকে আবার বন্ধ করা হবে বলে জানিয়েছেন নগরীর মেয়র বিল ডি ব্লাজিও।
এক সংবাদ সম্মেলনে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, স্থানীয় সরকারের আইন প্রয়োগের আইনি বাধ্যবাধকতা রয়েছে। যদি না করে তাহলে স্থানীয় সরকার আইন লঙ্ঘন করবে। আর মৌখিকভাবে মাস্ক পরতে বলাটা-আইনের যথাযথ প্রয়োগ নয়। এটা যে কেউ লঙ্ঘন করবে।
প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে গভর্নর কুমো এ-সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন। ওই আদেশে বলা হয়, জনসমাগমস্থলে যেখানে ছয় ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘনকারীদের এক হাজার ডলার জরিমানা করার বিধান রাখা হয়েছে।
গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, মাস্ক না পরলে তাঁদের অতিরিক্ত জরিমানার পাশাপাশি সমন জারির নির্দেশ নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটির (এমটিএ) জন্যও প্রযোজ্য।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১৪ জনকে এমটিএ কর্তৃপক্ষ মাস্ক না পরার কারণে ৫০ ডলারের টিকিট দিয়েছে। আর মাত্র সাতজনের বিরুদ্ধে সমন জারি করেছে।
এমটিএর মুখপাত্র কেন লোভেট বলেন, এমটিও কর্তৃপক্ষ এ পর্যন্ত তিন হাজার ৫০০-এর বেশি মাস্ক বিনা মূল্যে বিতরণ করেছে। এ ছাড়া তিন হাজার ১৯৫ জন রাইডারকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, এমটিএর এক জরিপে দেখা গেছে, জরিমানা চালু হওয়ার পর সাবওয়েতে ৯৫ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করছে।
এমটিএর চেয়ারম্যান প্যাট ফয়ে বলেন, জরিমানা বা সমন জারির মাধ্যমে আয় করাটা এখানে বড় বিষয় নয়। কারণ, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি।
৪ অক্টোবর নগরীর সিটি হলে মেয়র বিল ডি ব্লাজিও বলেন, নিউইয়র্কের ব্রুকলিন ও কুইন্সে আবার করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে এসব এলাকার স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান আবার ৭ অক্টোবর থেকে বন্ধ করা হচ্ছে। বিষয়টি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিল ডি ব্লাজিও বলেন, স্কুল, রেস্তোরাঁ ও জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দিতে আপাতত নগরীর নয়টি এলাকা চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—ব্রুকলিনের বেনসনহার্স্ট, বরো পার্ক, গ্রেভসেন্ড, মিডউড ও শেপসহেড বে এবং কুইন্সের ফার রকঅ্যাওয়ে ও কিউ গার্ডেনস। এসব এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষের বাস।