নিউইয়র্কে যাত্রা শুরু নারী ওয়ার্ল্ডওয়াইডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে রওশন আরা হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে
অনুষ্ঠানে রওশন আরা হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

নারীদের কল্যাণে নিউইয়র্কে যাত্রা শুরু হলো নারী ওয়ার্ল্ডওয়াইড নামে অলাভজনক একটি সংগঠনেরে। গত ২৮ আগস্ট ছিল নারী ওয়ার্ল্ডওয়াইডের কমিটি পরিচিতি সভা। এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় বিশিষ্ট মঞ্চশিল্পী রওশন আরা হোসেনকে।
নতুন এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক পূরবী বসু, শিক্ষাবিদ নাঈমা খান, একুশে পদকপ্রাপ্ত লেখক জ্যোতিপ্রকাশ দত্ত, অ্যাটর্নি অশোক কর্মকার, কমিউনিটি অ্যাক্টভিস্ট খোরশেদুল ইসলাম ও ওয়াসি চৌধুরী। এদেরকে নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটি।
কার্যকরী কমিটির হিসেবে রয়েছেন সভাপতি পপি চৌধুরী, সহসভাপতি জেসমিন আরা, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, প্রীতম চৌধুরী, ট্রেজারার পিয়াল দীপ, সমাজকল্যাণ সম্পাদক নাসরিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বাবলী হক। কার্যকরী সদস্য হিসেবে আছেন আলেয়া চৌধুরী ও মিলি সুলতানা।
অনুষ্ঠানে সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে উপদেষ্টা জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, স্বাবলম্বী হওয়ার জন্য কয়েকজন নারী একত্রিত হয়ে চালু করা যেতে পারে একটি রেস্টুরেন্ট, যেখানে পরিচালক থেকে শুরু করে কর্মচারী পর্যায়ে সবাই থাকবেন নারী। পূরবী বসু বলেন, প্রয়োজনে আমরা বেকার নারীদের জন্য যেকোনো বড় রেস্টুরেন্টের একটি কর্নার ভাড়া নিয়ে তাদের নিজেদের তৈরি বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করতে পারি।
খোরশেদুল ইসলাম বলেন, জাতিসংঘের তথ্য মতে মাত্র ১ ভাগ সম্পদ নারীদের হাতে আছে, যদিও তারা পুরুষের তুলনায় পরিশ্রম বেশি করে। ব্রঙ্কসে অবস্থিত নারীকল্যাণ সংস্থা স্বপ্নার কর্মকাণ্ড উল্লেখ করে নাঈমা খান বলেন, ‘স্বপ্না আমেরিকান এক মহিলার প্রতিষ্ঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। বাঙালি মহিলাদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। স্প্যানিশ বেকারিগুলো সাধারণত সপ্তাহে একদিন বন্ধ থাকে। ওই দিনে তিনি বেকারি ভাড়া নিয়ে সেখানে সদস্যদের তৈরি খাদ্যদ্রব্য বিক্রি করার ব্যবস্থা করেন। এরপর সারা মাসে যে লাভ হয়, তার সঙ্গে সরকার থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ যুক্ত করে সদস্যদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেন। আমরাও এ রকম কিছু করতে পারি।’
পপি চৌধুরী বলেন, অনেকে হাতের কাজ জানেন, রুটি, পিঠা, আচার বানিয়ে সরবরাহ দেন বিভিন্ন দোকানে। আর্থিক সমস্যার কারণে এদের নিজেদের পক্ষে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। এ রকম কিছু নারীকে নিয়ে সমবায়ভিত্তিক একটি দোকান ভাড়া নিয়ে প্রত্যেকের হাতে তৈরি পণ্য বিক্রির ব্যবস্থা করা যেতে পারে সেখানে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী জামালউদ্দিন হোসেন, বিশিষ্ট মঞ্চশিল্পী রওশন আরা হোসেন, মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক, লেখক নাজমুন নাহার পিয়ারী, লেখক মিনা মাশরাফী, ফাহিম রেজা নূর, জাকিয়া ফাহিম, জেসমিন আরা, নাসরিন চৌধুরী, আলেয়া চৌধুরী, প্রকৌশলী ইরশাদ আহমেদ, জসিম সরকার, বৃহত্তর খুলনা সমিতির সাবেক সভাপতি শেখ আনসার আলী, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুকুল ইসলাম, শেখ আনসার আলী ও কাজী ওয়াহিদ এলিন, সাধারণ সম্পাদক মুরারী মোহন দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির সভাপতি মাহাবুব আলী বুলু, সহসভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, কমিউনিটি অ্যাকটিভিস্ট নূর ইসলাম বর্ষণ প্রমুখ।