নিউইয়র্কে শেষকৃত্যের অনুদান বেড়েছে
নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া লোকজনের শেষকৃত্যের জন্য দেওয়া অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে। কবর দেওয়া বা শেষকৃত্যের জন্য অনুদানের পরিমাণ সর্বোচ্চ ১ হাজার ৭০০ ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৪০০ ডলার করা হয়েছে।
নগরীর হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশনের নতুন সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির কবর দেওয়া বা শেষকৃত্যের জন্য অনুদানের পরিমাণ ১ হাজার ৭০০ ডলার থেকে ৩ হাজার ৪০০ ডলারে বৃদ্ধি করা হয়েছে। অনুদান পেতে মারা যাওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
ইতিমধ্যে মারা যাওয়া লোকজনের পরিবারের পক্ষ থেকে আবেদন করেও এ অনুদান পেতে পারেন। মার্চ মাসের ১২ তারিখের পরের মৃত্যুর জন্য বর্ধিত আবেদন মঞ্জুর করা হবে বলে জানানো হয়েছে। বর্তমান বাস্তবতায় নগরীর হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশনের অফিস সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। অফিসে গিয়ে বা ডাকযোগে আবেদনের ঠিকানা- NYC HRA Office of Burial Services, 33-28 Northern Blvd.-3rd Floor, Long Island City, NY 11101।
এ ছাড়া ফ্যাক্সযোগে 917-639-0476 নম্বরেও আবেদন করা যাবে। পরিবারের অসচ্ছলতার প্রমাণসহ [email protected] ইমেইলে আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য অফিস সময়ে 929-252-7731 ফোন করার জন্য বা বার্তা রাখার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।