নিউইয়র্কে সন্ত্রাসী হামলার শিকার এক বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে একদিনের ব্যবধানে এবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা মো. শাহ আলম। তার বয়স ৭০ বছর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. শাহ আলম ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় জ্যাকসন হাইটস থেকে নিজ বাসায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে পালিয়ে যায়। হামলার পর তিনি অনেকটা অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাঁকে প্রথমে কুইন্স হাসপাতালে ভর্তি করে। অবস্থার আরও অবনতি হলে পরে তাকে এলমহার্স্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁকে এলমহার্স্ট হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে । তার ঘাড় ও মাথায় বেশি আঘাতের চিহ্ন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তার ঘাড়ে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সেখান থেকে প্রচণ্ড রক্ত ক্ষরণ হচ্ছে।
এর আগে নিউইয়র্কের ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহসভাপতি মো. খবির উদ্দিন ভূইয়া (৫৮) গত ২৭ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ব্রঙ্কসের ক্যাসেলহিল সাবওয়ের অদূরে ক্যাসেলহিল এবং স্টারলিং অ্যাভিনিউর কর্নারে মো. খবির উদ্দিন ভূইয়া কে ৪/৫জন যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে।
মো. শাহ আলমের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। স্ত্রী ও ছোট মেয়ে নোভা (১৩) কে নিয়ে তিনি কুইন্সের জ্যামাইকার সাউথ রোড এলাকায় বসবাস করছেন। তার স্ত্রী ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। বড় মেয়ে জাকিয়া বিবাহিতা। স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছেন। শাহ আলমের দেশের বাড়ি কুষ্টিয়ার দৌলতগঞ্জের নজিবপুর গ্রামে। তিনি গেরিলা আলম নামে পরিচিত। চার বছর আগে ইমিগ্রান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। মো. শাহ আলম জাতীয় পার্টির সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলুর ভায়রা।
এদিকে, দুর্ঘটনার সংবাদ পেয়ে যুক্তরাষ্ট্র সফররত নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ’র সভাপিত মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান।
হাসপাতালে নেওয়ার সময় শাহ আলম পুলিশকে জানিয়ে ছিল কালো লোকেরা তাঁর ওপর হামলা চালিয়েছে। ওই সময় শাহ আলম পুলিশকে কোন রকমে তার ছোট মেয়ের ফোন নম্বরটা বলতে পেরেছিলেন। এর পর থেকে তিনি অজ্ঞান রয়েছেন। আত্মীয়স্বজনরা তার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে বয়:বৃদ্ধ মো. শাহ আলম কেন এ পৈশাচিক হামলার শিকার হয়েছেন এর কারণ কেউ বলতে পারছে না। তবে এ ঘটনাকে কমিউনিটি নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে সন্দেহ করছেন।
সংশ্লিষ্টরা জানান, নিউইয়র্কে হেইট ক্রাইম আতঙ্ক আবারও বেড়ে চলেছে। বিগত বছরগুলোর ঘটনা ছাড়াও একদিনের ব্যবধানে আরেকটি সন্ত্রাসী হামলার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের গ্রেফতার এবং বর্ণবৈষম্যমূলক হামলাসহ সকল সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।