নিউইয়র্কে সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবারের বোমা হামলার সঙ্গে জড়িত অভিযোগে আফগান বংশোদ্ভূত এক মার্কিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, নিউজার্সি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি একজন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন আহমাদ খান রাহামি (২৮)। এর আগে নিউইয়র্কের পুলিশ বিভাগ সন্দেহভাজন সন্ত্রাসী হিসাবে তাঁর একটি ছবি প্রকাশ করে।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, গ্রেপ্তার রাহামিকে আহত অবস্থায় স্ট্রেচারে শুয়ে রাখা হয়েছে। তাঁকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা চলছে।
শনিবারের ওই বিস্ফোরণে ২৯ জন আহত হয়। এদিকে ওই বিস্ফোরণ স্থলের কাছাকাছি একটি ডিভাইস পাওয়া গেছে। তদন্তকারীরা ওই সন্দেহভাজনকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছেন।
এক সপ্তাহ আগে বিশ্ববাণিজ্য কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায় ছিল। সে পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এ ঘটনা ঘটল।