নিউইয়র্কে সম্প্রসারিত হচ্ছে সাইকেল সেবা

নিউইয়র্ক নগরে সম্প্রসারিত হচ্ছে সাইকেল সেবা। আগামী সপ্তাহ থেকে নগরীর কুইন্স ও ব্রুকলিনের আরও ব্যাপক এলাকা সিটিবাইক তথা সাইকেলে যাতায়াতের আওতায় আনা হচ্ছে। নগরীর পরিবহন বিভাগের কর্মকর্তারা ৫ সেপ্টেম্বর এ ঘোষণা দেন।
কর্মকর্তারা জানান, ১২ সেপ্টেম্বর নগরীর ১৪০টি স্টেশনের মধ্যে দুই হাজার সাইকেল যাতায়াত শুরু হবে। বছরের শেষ দিকে নগরীর হারলেম, লং আইল্যান্ড সিটি, অ্যাস্টোরিয়া, ক্রাউন হাইট্স ও প্রস্পেক্ট হাইট্সসহ আরও বিভিন্ন এলাকাকে সাইকেল যাতায়াতের আওতায় আনা হবে।
সাইকেল যাতায়াত সম্প্রসারণ হলে নগরের ৩০ বর্গমাইল এলাকা সাইকেলের আওতায় আসবে। পরিবহন বিভাগের কমিশনার পলি ট্রোটেনবার্গ বলেন, সম্প্রসারিত সাইকেল চালানোর সুযোগের ফলে আরও বেশি সংখ্যক নগরবাসী স্বল্পব্যয়ে ও সুবিধাজনকভাবে যাতায়াত করার সুযোগ পাবেন।
সম্প্রসারিত এলাকায় যাতায়াত শুরু হলে চলতি বছরের শেষের দিকে নগরীতে এই প্রকল্পের আওতায় ৬০০ স্টেশনে সাইকেলের সংখ্যা ১২ হাজারে পৌঁছাবে।
২০১৩ সালে প্রথমবারের মতো নগরে সাইকেলে যাতায়াতের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে নগরীতে ৪৫০টি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়।
তবে এখনো ব্রঙ্কস ও স্ট্যাটন আইল্যান্ডে এই সেবা শুরু হয়নি। এই দুটি এলাকাকে সাইকেল চলাচলের আওতায় আনার উদ্দেশ্যে প্রয়োজনীয় তহবিলের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।
পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আর বেশি সংখ্যক নগরবাসীকে সাইকেলে যাতায়াতের সুবিধা করে দেওয়ার লক্ষ্যে নগরীর পাঁচটি বোরোকে সাইকেল নেটওয়ার্কের আওতায় আনতে নগর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
সিটি বাইকের ভাড়া দৈনিক (২৪ ঘণ্টা) ১২ ডলার ও তিন দিন (৭২ ঘণ্টা) ২৪ ডলার। সারা বছরের সদস্যদের ক্ষেত্রে ভাড়া হবে ৬৩ ডলার। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া সাইকেলে যাতায়াতের প্রকল্প এখন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ জরুরি পরিবহনে পরিণত হয়েছে।