নিউইয়র্কে সর্বনিম্ন ফিতরা ১০ ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদ দেখা সাপেক্ষে ৪ বা ৫ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা ঈদগাহে পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে। সবার সুবিধার জন্য বরাবরের মতোই সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি করে জামাত অনুষ্ঠিত হবে।

মোহাম্মদী সেন্টার কর্তৃক আয়োজিত নিউইয়র্ক ঈদগাহর কার্যক্রম শুরু হয়েছে ২০১১ সাল থেকে। ২০১২ সাল থেকে নিউইয়র্ক সিটি ও সুখী নিউইয়র্কের সহযোগিতায় মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাকে ঈদগাহ ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়। সম্প্রতি ৪৫ লাখ ডলার ব্যয় করে এই ঈদগাহ নতুন রূপে তৈরি করা হয়েছে।

মোহাম্মদী সেন্টারের এক বিজ্ঞপ্তিতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবসহ সুন্নত মোতাবেক ঈদগাহের ঐতিহ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ সুবিধা ও পছন্দ মতো জামাতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, এবার ফিতরা ১০ ডলার করে নির্ধারণ করা হয়েছে। পরিবারের প্রতি সদস্যের পক্ষ থেকে আলাদা করে নামাজের আগে ঈদগাহে ফিতরা আদায় করার ব্যবস্থা রয়েছে।

জাকাত: যাদের কাছে ৭.৫ তোলা/ভরি বা ৮৭ গ্রাম ও এর বেশি সোনা বা স্বর্ণালংকার রয়েছে, তার বর্তমান বাজার মূল্য অনুপাতে ২.৫ ভাগ হারে জাকাত আদায় করতে হবে। প্রতি গ্রাম ২২ ক্যারট সোনার মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী ৩৭ দশমিক ৫০ ডলার এবং ৮৭ গ্রাম যা ৭.৫ তোলা/ভরির মূল্য ৩,২৬২ দশমিক ৫০ ডলার স্থির করা হয়েছে।

৭.৫ তোলা/ভরি বা ৮৭ গ্রাম সোনার মূল্যমানকে শরিয়তের ভাষায় ‘নিসাব’ বলা হয়ে থাকে। তাই ঈদের দিন সকাল পর্যন্ত যাদের কাছে (নগদ ও ব্যাংক মিলিয়ে) নিসাব পরিমাণ ৩,২৬২.৫০ ডলার কিংবা এর চেয়ে বেশি থাকবে, তাদের ওই ডলারের ২.৫ ভাগ জাকাত দিতে হবে। জাকাত আদায়ের জন্য সোনা বা নিসাব পরিমাণ ডলার পুরো একটি চান্দ্র বছর নিজের মালিকানায় থাকা আবশ্যক। জাকাত শুধু স্বর্ণালংকারে দিতে হয়, ডায়মন্ডের অলংকারের জাকাত নেই।

ঈদের নামাজের আগে নিউইয়র্ক ঈদগায় জাকাত ও ফিতরা দুটোই পরিশোধ করার ব্যবস্থা থাকবে। ওজু করে জায়নামাজসহ ঈদগাহে আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। পুরুষের ন্যায় নারীরাও ঈদের নামাজে শামিল হওয়া সুন্নত। নিউইয়র্ক ঈদগাহে নারীদের নামাজের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।

যেকোনো বিষয়ে যোগাযোগের জন্য (৭১৮) ৮৬৪-৪৮০৩ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে ।