নিউইয়র্কে সহিংসতা নিয়ে বাইডেন-এরিক অ্যাডামসের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরিক অ্যাডামস

নিউইয়র্ক নগরের বন্দুক সহিংসতা বন্ধের উপায় খুঁজতে ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে জয়ী মেয়র প্রার্থী এরিক অ্যাডামস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।

ডেমোক্র্যাট নগর নিউইয়র্কের মেয়র হিসেবে আসছে নভেম্বরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকা এরিক অ্যাডামস আগে থেকেই মাঠে নেমে পড়েছেন। অপরাধ ও সহিংসতা নিয়ে উদ্বিগ্ন নগরবাসীর সমস্যা সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

১৩ জুলাই এরিক অ্যাডামসসহ অন্যান্য স্থানীয় নেতারা ওয়াশিংটন সফর করেছেন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র সমস্যায় সহিংস হয়ে ওঠা নগরের নেতৃবৃন্দ, পুলিশ প্রধান প্রেসিডেন্ট জো বাইডেন ও অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন। নগরীগুলোতে অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজারসহ ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও নিউজার্সিসহ বিভিন্ন রাজ্যের ঝুঁকিপূর্ণ নগরের নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন শিকাগো, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলসসহ বেশ কিছু নগরে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের নতুন উদ্যোগ নিয়ে কথা বলেছেন। অবৈধ অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র পাচার নিয়ে তাঁর প্রশাসনের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা জানিয়েছেন।

নিউইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকা এরিক অ্যাডামস সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ করা অর্থ অপরাধ প্রতিরোধ এবং দমনে পরিকল্পিতভাবে ব্যবহার করার বিষয়ে তিনি নিজের ধারণা তুলে ধরেছেন। নিউইয়র্কে ১৩ বছর এবং ১০ বছর বয়েসের শিশু-কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উল্লেখ করে এরিক অ্যাডামস প্রেসিডেন্ট জো বাইডেনের সভায় বলেছেন, যে করেই হোক নগরের সহিংসতা নিয়ন্ত্রণ করতে হবে। দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করার উদ্যোগ বাস্তবায়নে অর্থ ব্যয় করার কথা তিনি বলেছেন।

এরিক অ্যাডামস তাঁর সাক্ষাৎকারে বলেছেন, নিউইয়র্কে অস্ত্র সহজেই আসছে বাইরের বিভিন্ন রাজ্য থেকে। এসব বন্ধ করতে হবে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ টহল আবার চালু করতে হবে।

গত বছরের নাগরিক আন্দোলনের জের ধরে নিউইয়র্ক পুলিশের সাদা পোশাকে টহল প্রদান বন্ধ রাখা হয়েছে। নিউইয়র্ক নগরে গত সপ্তাহান্তেই আগ্নেয়াস্ত্র সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে। ফুটপাথে খেলার সময় নগরের শিশু-কিশোরেরা গুলিবিদ্ধ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিউইয়র্কের রাজ্য গভর্নর গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থা জারির ফলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ সহজ হবে বলে গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন।