নিউইয়র্কে সাধারণ ট্রাকে মৃতদেহ, ফিউনারেল হোমকে জরিমানার ঘোষণা

নিউইয়র্কের ফিউনারেল হোমে সাধারণ ট্রাকের মধ্যে বিপুলসংখ্যক মৃতদেহ পাওয়ার পর টনক নড়েছে নানা মহলের। বিশ্বজুড়ে নিন্দা আর উৎকণ্ঠার মধ্যে রাজ্য কর্তৃপক্ষ এ ধরনের ফিউনারেল হোমের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ট্রাক ভাড়া দেওয়ার কোম্পানি ইউ হোল বলেছে, তারা ফিউনারেল হোমকে আর কখনো ট্রাক ভাড়া দেবে না।
নিউইয়র্কের ব্রুকলিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়া অর্ধ শতাধিক মানুষের মৃতদেহ সাধারণ পরিবহন ট্রাকে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফ্রিজার ট্রাকের পাশে স্তূপ করে রাখা এসব মরদেহ থেকে গন্ধ বেরোচ্ছিল।
২৯ এপ্রিল প্রতিবেশীদের অভিযোগ পেয়ে ব্রুকলিনের অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় নিউইয়র্ক মহানগর পুলিশ বিভাগ। সেখানে দেখা গেছে, ইউ হোলের সাধারণ ট্রাকে মরদেহ রাখা আছে। কোনো ফ্রিজার ছাড়া দীর্ঘ সময় থেকে পড়ে থাকা এসব মৃতদেহ থেকে গন্ধ বের হচ্ছে। পাশে ফ্রিজার ট্রাকেও কিছু মৃতদেহ আছে। ভবনের ভেতরে গিয়েও বেশ কিছু মৃতদেহ এমন করে ফেলে রাখতে দেখেছে পুলিশ
ইউ হোল কোম্পানি আমেরিকার বহুল পরিচিত একটি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার তারা জানিয়েছে, ট্রাক ভাড়া দেওয়া হয় সাধারণ মালামাল পরিবহনের জন্য। এসব ট্রাকে মরদেহ পরিবহন করার সংবাদে তারা বিস্মিত। তারা অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের ফিউনারেল হোমের সঙ্গে সব বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার হাওয়ার্ড জুকার গতকাল বলেছেন অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিসকে জরিমানা করা হবে। সঙ্গে সঙ্গে তাদের কার্যক্রম সাময়িক স্থগিত রাখও হতে পারে। গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, রাজ্যের সব ফিউনারেল হোমকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ আর বরদাশত করা হবে না।
উল্লেখ নিউইয়র্কসহ আমেরিকার সর্বত্র ফিউনারেল হোম একটি লাভজনক ব্যবসা। ফিউনারেল হোম পরিচালনার জন্য রীতিমতো লাইসেন্স নিতে হয়। ফিউনারেল ডিরেক্টর হিসেবে লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত কোর্স শেষ করে পরীক্ষায় পাশ করতে হয়। মৃত্যুর পর বাসাবাড়িতে মরদেহ নিয়ে আসা বা শেষকৃত্যের জন্য অপেক্ষমাণ রাখার কোনো সুযোগ নেই। মৃত্যুর পর আইনগত প্রক্রিয়ায় যেকোনো মরদেহ দ্রুত ফিউনারেল হোমে চলে যায়। ফিউনারেল হোমের মাধ্যমেই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়।
করনার কবলে নিউইয়র্ক মৃত্যুপুরী হয়ে ওঠায় ফিউনারেল হোমগুলোও সামাল দিতে হিমশিম খাচ্ছে। নিউইয়র্ক নগরীর কেন্দ্রীয় মর্গ ও মেডিকেল একজামিনারের অফিস ৩০ অ্যাভিনিউ এবং ১ম অ্যাভিনিউ এলাকায়। সেখানে গত দুই মাস থেকে পাহারায় আছেন এমন একজনের সঙ্গে প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহ থেকে ট্রাকের এবং ফিউনারেল হোমের চিহ্নিত গাড়ির আসা-যাওয়া কমেছে। তবে এখনো বহু মৃতদেহ কেন্দ্রীয় মর্গে সৎকারের জন্য অপেক্ষমাণ আছে। নগরীর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, করোনা রোগীর কোনো স্বজনের সন্ধান না পেলে এসব মরদেহ নগরীর উদ্যোগেই কবর দেওয়া হবে।