নিউইয়র্কে সুচিত্রা স্মরণে অনুষ্ঠান বৃহস্পতিবার

উপমহাদেশের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার উৎসবের আয়োজন করা হয়েছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলরুমে এ উৎসবের আয়োজক সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ।
দিনব্যাপী উৎসবের শুরুতে মঙ্গল প্রদীপ জ্বেলে মহানায়িকাকে স্মরণ করবেন প্রবাসে অবস্থানরত সুচিত্রাপ্রেমীরা। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। এরপর সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন হবে। উৎসব নিয়ে এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, সুচিত্রা সেন একজন কিংবদন্তি অভিনেত্রীর নাম। তিনি আমার কাছে নমস্য। তাঁর অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে এক গৌরবোজ্জ্বল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য নিরন্তর যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
উৎসবে সুচিত্রা-উত্তম অভিনীত সাগরিকা ছবি প্রদর্শিত হবে বলে জানান সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ-র পুরাধা গোপাল সান্ন্যাল।
উল্লেখ কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোরের দিন কাটে পাবনা জেলার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। ১৯৪৭-এ দেশভাগের পর সপরিবারে তাঁরা ভারতে চলে যান।