নিউইয়র্কে সুচিত্রা সেন উৎসব

সুচিত্রা সেন শুধু একটি নাম নয়, এই নামটি একটি কিংবদন্তি। চলচ্চিত্র শিল্প এবং সিনেমাপ্রেমী বাংলা ভাষাভাষীদের হৃদয়ের মণিকোঠায় এ নাম মধ্যদুপুরের সূর্যের মতো ঝলমল করছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে সুচিত্রা সেন জন্ম উৎসব আয়োজনে আসা আলোচকেরা এসব কথা বলেন। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ এই উৎসবের আয়োজন করে।
বক্তারা বলেন, সুচিত্রা সেনের মতো অভিনেত্রীরা তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সাধনা দিয়ে বাংলা সিনেমাকে এক গৌরবোজ্জ্বল জায়গায় নিয়ে গিয়েছেন। তাই সুচিত্রাকে বলা যায় বাংলা চলচ্চিত্র শিল্পের এক মহান দিকনির্দেশক এবং পথপ্রদর্শক।
সংগঠনের প্রতিষ্ঠাতা গোপাল সান্যাল এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মুর সঞ্চালনায় দিনব্যাপী জন্ম উৎসবের শুরুতে মঙ্গলপ্রদীপ জ্বেলে মহানায়িকাকে স্মরণ করেন প্রবাসে অবস্থানরত সুচিত্রা–ভক্তরা।
গোপাল স্যানাল জানান, অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের একাল-সেকাল নিয়ে আলোচনা বিশিষ্টজন ব্যাপক আলোচনা করেন। এরপর সুচিত্রার অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে।
আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস, সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক সুব্রত বিশ্বাস, সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, নাট্যাভিনেত্রী রেখা আহমেদ ও লুৎফুন নাহার লতা, অধ্যাপক হুসনে আরা, রানু ফেরদৌস, অ্যাকটিভিস্ট ফাহিম রেজা নুর, ওবায়দুল্লাহ মামুন, মিথুন আহমেদ, আকবর হায়দার কিরণ, কবি তমিজ উদ্দিন লোদী, মুজাহিদ আনসারী, সনজীবন কুমার, লুৎফা শাহানা, সৈয়দ জাকির আহামেদ রনি, স্বীকৃতি বড়ুয়া, শিবলী সাদেক, তৈয়বুর রহমান টনি, শুভ রায়, শিরীন রহমান প্রমুখ।
উৎসব শেষে সুচিত্রা সেন অভিনীত ‘সাগরিকা’, ‘হারানো সুর’, ‘গৃহদাহ’ ও ‘আঁধি’ ছবির খণ্ডাংশ প্রদর্শন করা হয়।