নিউইয়র্কে সেলফোন বাবদ কর বেড়েছে সবচেয়ে বেশি
বর্তমান দুনিয়ায় সেলফোন আর বিলাসিতা নয়, প্রয়োজন। প্রায় সবার হাতেই রয়েছে সেলফোন। কিন্তু আমেরিকায় বিশেষত নিউইয়র্কে সেলফোন সেবার দাম দিন দিন বাড়ছে। সেলফোন সেবার বিপরীতে এখানকার অধিবাসীদের অনেক বেশি কর গুনতে হয়। ট্যাক্স ফাউন্ডেশনের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্যাক্স ফাউন্ডেশনের তথ্যমতে, নিউইয়র্কে বসবাসরত পরিবার, যাদের অন্তত চারটি সেলফোন রয়েছে, তারা প্রতি মাসে সেবার বিপরীতে ১০০ ডলার করে কর বাবদ দেয়। অথচ এ বাবদ আমেরিকার মাসে গড় ব্যয় মাত্র ২৭ ডলার। নিউইয়র্ক অঙ্গরাজ্যে সেলফোন সেবার ওপর স্থানীয়ভাবে আরোপিত করের হার ১৮ দশমিক ৫৬ শতাংশ, যা আমেরিকার অঙ্গরাজ্যগুলোর মধ্যে পঞ্চম সর্বোচ্চ। এর সঙ্গে ফেডারেল চার্জ ও কর মিলিয়ে এর পরিমাণ ২৫ শতাংশ ছাড়িয়ে যায়। এর চেয়ে বেশি কর দেয় ইলিনয়, ২৭ শতাংশ। এর পরেই রয়েছে আলাস্কা ও ওয়াশিংটন। এ দুই অঙ্গরাজ্যের সেলফোন ব্যবহারকারীদের কর বাবদ গুনতে হয় সেবার ২৬ শতাংশ অর্থ। নেব্রাস্কার ব্যবহারকারীরা দেন ২৫ দশমিক ৫ শতাংশ এবং নিউইয়র্কে ২৫ দশমিক ২ শতাংশ। বাজারে বিদ্যমান প্রতিযোগিতার কারণে সেলফোন ডিভাইসের দাম যেখানে কমছে, সেখানে এর সেবার ওপর করের পরিমাণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় নিউইয়র্কে সেলফোন কর বেড়েছে সবচেয়ে বেশি।
প্রতিবেদনে জানানো হয়, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সেলফোন সেবার দাম ২৩ শতাংশ কমেছে। কিন্তু এই একই সময়ে বেড়েছে সেলফোন সেবার বিপরীতে করের (ওয়্যারলেস ট্যাক্স) হার। এই সময় এই করের হার ১৫ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ১ শতাংশ হয়েছে। অর্থাৎ করহার বেড়েছে ২৬ শতাংশ।
এ বিষয়ে প্রতিবেদনটির লেখক ও অর্থনীতিবিদ স্কট ম্যাকি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘সেলফোন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এই কর বৃদ্ধির সঙ্গে জড়িত। নিউইয়র্কে বেশ কিছু সংস্থা পৃথকভাবে সেলফোন সেবার ওপর কর বসায়। ফলে সম্মিলিতভাবে এই করের হার দিন দিন বাড়ছে। বিভিন্ন নগর কর্তৃপক্ষ এবং শিক্ষা ও পরিবহন কর্তৃপক্ষ আলাদাভাবে এই করের অর্থ পেয়ে থাকে। এতে এই সংস্থাগুলোর তহবিল বাড়লেও পকেট কাটা পড়ে দরিদ্রদের। এটা খুবই হতাশাজনক। কারণ আজকের দিনে প্রতিটি মানুষেরই সেলফোন প্রয়োজন হয়ে পড়েছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে এত উচ্চ করহার এক ধরনের শোষণ। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের মানুষেরা।’
সেলফোন সেবার ওপর করের চাপ বাড়িয়ে সরকার সাময়িকভাবে লাভবান হলেও তা দীর্ঘ মেয়াদে ক্ষতিই করছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, এই কর বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের অনীহা তৈরি হতে পারে। এর ফলে ভবিষ্যতে স্মার্ট সিটি তৈরি ও এর সম্প্রসারণ বাধাগ্রস্ত হতে পারে।