নিউইয়র্কে স্কুল খোলা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন

করোনাভাইরাস প্রতিরোধে নিউইয়র্কে বন্ধ থাকা স্কুলগুলো পুরোদমে চালু হবে কিনা-তা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। গভর্নর বলেছেন, কোভিড-১৯ সংক্রমণের হার ৫ ভাগ বা তারও নিচে নেমে আসলে স্কুল খুলে দেওয়া সম্ভব। পুনরায় খোলার জন্য স্কুল অবশ্যই চতুর্থ ধাপে খুলে দেওয়ার এলাকায় থাকতে হবে। তবে রাজ্য সরকার স্কুলে খুলে দেওয়ার ব্যাপারে পরিকল্পনা করলেও, করোনায় বিপর্যস্ত নগরীর অভিভাবকেরা এ নিয়ে বেশ উদ্বিগ্ন। স্কুল খোলার পর যদি শিশু সন্তানের করোনার সংক্রমণ হয়, এই ভয়ে আছেন অভিভাবকেরা।
নিউইয়র্ক ডেইলি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুলাই গভর্নর কুমো বলেছেন, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অন্য রাজ্যগুলোর গভর্নররা শিক্ষাপ্রতিষ্ঠান আবার খোলার আদেশ দিতে বিজ্ঞান ও ডেটা ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় সমালোচিত হয়েছেন। সে সব রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।
এ কারণেই নিউইয়র্কের অভিভাবকেরা স্কুল খুলে দেওয়ার ব্যাপারে দুশ্চিন্তায় আছেন। কারণ এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সুরক্ষা ও অতিরিক্ত যত্নের ব্যাপার রয়েছে।
তিন সন্তানের সিঙ্গেল মা ইয়োলান্দা রদ্রিগেজ। করোনাভাইরাসের এই সময়ে তিনি সন্তানদের ক্লাস করানোর বিপক্ষে। সিটি কর্তৃপক্ষ জোর করে রিমোট লার্নিং বা অনলাইনে ক্লাস করানোরও খুব একটা পক্ষে তিনি নন। তবে স্কুলে যাওয়ার পরিবর্তে এই ব্যবস্থা ভালো।
স্কুল খোলা প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, ‘স্কুল খোলা নিয়ে আমি খুব ভয়ে আছি। কারণে আমার সন্তানদের অ্যাজমার সমস্যা আছে। তাঁরা করোনার সর্বোচ্চ ঝুঁকিতে আছে। এই অবস্থায় স্কুলে পাঠালে আমাকে সব সময় দুশ্চিন্তায় থাকতে হবে যে, তারা কী নিরাপদ আছে। তারা কী মাস্ক ঠিকঠাক পরছে?’
সম্প্রতি নিউইয়র্কে ‘প্যারেন্ট গ্রুপ ব্যাক টু স্কুল সেফটি’ নামে একটি গ্রুপ হয়েছে। ইতিমধ্যে সেখানে কয়েক শ অভিভাবক সদস্য হয়েছেন। ব্রুকলিনের বাসিন্দা দুই সন্তানের মা লিজ রোজেনবার্গ ওই গ্রুপের একজন সদস্য। তিনি একজন সাবেক শিক্ষকও। তিনি বলেন, স্কুল খোলার আগে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবতে হবে। তিনি চান না, তাঁর সন্তান করোনায় সংক্রমিত হোক। তিনি আরও বলেন, সিটি কর্তৃপক্ষ এখনো স্কুল খোলা বা রিমোট লার্নিংয়ের বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি।
স্কুল চ্যান্সেলর রিচার্ড কারানজা ১৬ জুলাই অভিভাবকদের আশ্বস্ত করে বলেছেন, এই শরৎকালে ভার্চ্যুয়াল লার্নিং হবে নতুন পদ্ধতি এবং এটা আরও উন্নত হবে। গত মার্চ ও বর্তমান সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। কারণে মার্চের পর প্রায় সাড়ে চার মাস সময় পাওয়া গেছে এসব বিষয় উন্নত করতে।
তবে সিটি কর্তৃপক্ষ বা শিক্ষা কর্মকর্তারা এখন স্পষ্ট করে বলেননি যে, শিক্ষার্থীদের প্রতিদিন ভিডিওর মাধ্যমে ক্লাস করানো হবে কিনা। এই শরতে রিমোট লার্নিং ফুল টাইম নাকি পার্ট টাইম হবে তাও জানানো হয়নি। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা চিন্তায় আছেন। যেসব অভিভাবক চাকরি বা অন্য কাজ করেন, তাঁদের চিন্তা আরও বেশি। কারণ, স্কুল খুলে গেলে সন্তানদের সুরক্ষা ও যত্নের আরও কঠিন চ্যালেঞ্জ তাঁদের চাকরির পাশাপাশি মোকাবিলা করতে হবে।
হারলেমের বাসিন্দা রেজিনা অ্যালস্টোন চাকরি করেন। তাঁর দুই সন্তান এলিমেন্টারি স্কুলে পড়ে। করোনা চলাকালীন গত চার মাসে নিজের চাকরি বাঁচাতে তিনি বড় ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন ছোট দুজনের পড়াশোনা করানোর। কিন্তু এখন বড় ছেলেও তাঁর কাজে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে অ্যালস্টোন জানেন না, কীভাবে তিনি চাকরির পাশাপাশি সন্তানদের বাড়তি সুরক্ষা দেবেন এবং স্কুলে পাঠাবেন। এ ছাড়া তাঁর ছয় বছর বয়সী এক সন্তান অটিস্টিক। সে রিমোট লার্নিং পছন্দ করছে না।
সিটি কর্তৃপক্ষ স্কুল খোলার বিষয়ে একটি গাইডলাইন দিয়েছে। সেখানে বলা হয়েছে, স্কুলে সব সময় শিক্ষার্থীদের ছয় ফুট দূরত্ব বজায় রেখে বসতে ও চলতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের সব সময় মাস্ক পরতে হবে।
১৬ জুলাই সিটি কর্তৃপক্ষ একটি পরিকল্পনার কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, আপাতত এক লাখ শিশু রিমোট লার্নিং করবে। তবে এই পরিকল্পনায় লিজ রোজেনবার্গ খুশি হলেও রেজিনা অ্যালস্টোন চিন্তায় পড়ে গেছেন। কারণ, তাঁর অটিস্টিক সন্তান এটা পছন্দ করে না। তারপরও দিলে আইপ্যাড ভেঙে ফেলতে চায়। এই পরিস্থিতি তাঁর জন্য ভয়ংকর।
ব্রুকলিনের বাসিন্দা এক শিক্ষার্থীর মা ও উইলিয়ামসবার্গ’স ডিস্ট্রিক্ট ১৪-এর কমিউনিটি এডুকেশন কাউন্সিলের প্রেসিডেন্ট তাজ সুতন বলেন, ‘স্কুল খুললেও আমি আমার সন্তানদের এই পরিস্থিতিতে স্কুলে পাঠাব না। তাদের স্কুলে পাঠানোর কোনো ইচ্ছাই আমার নেই।’ তিনি বলেন, তাঁদের সন্তান তো তাও ঘরে বসে খেতে পারছে, প্রয়োজন হলে অনলাইনে পড়তে পারছে। কিন্তু যারা গরিব, তাদের কথা আগে ভাবতে হবে। অনলাইন ক্লাস চালু হলে ওই গরিব শিশুরা কী করবে, সেটা ভাবতে হবে আগে।
ব্রুকলিনের বাসিন্দা ও কমিউনিটি এডুকেশন কাউন্সিল ২২-এর প্রেসিডেন্ট জেস বায়র্নও তাজ সুতনের সঙ্গে একমত। তিনি বলেন, স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে অভিভাবক প্রতিনিধিদেরও সিটি কর্তৃপক্ষের সহায়তা নেওয়া উচিত।