নিউইয়র্কে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

২৬ মার্চ সারা দিন ছিল কনকনে ঠান্ডা ও হিমেল বাতাস। আবহাওয়া দপ্তর জানিয়েছিল, বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এসব উপেক্ষা করে কয়েক শ বাংলাদেশি এদিন বিকেলে জড়ো হয়েছিলেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। তাঁদের অধিকাংশের হাতে বাংলাদেশের ছোট-বড় পতাকা। কারও হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কেউবা ধরে আছেন শিল্পীর তুলিতে আঁকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিত্র। আর সবার সামনে বাংলাদেশের চিরপরিচিত ঢোল। সঙ্গে পশ্চিমা স্যাক্সোফোন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এভাবেই নিউইয়র্কে বের করা হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক প্রবাসী নারী-পুরুষ অংশ নেন। অংশ নেন প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধারা।
শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পী তাজুল ইমাম।
বাংলাদেশিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্য গভর্নর ও নিউইয়র্ক সিটি মেয়রের বিশেষ প্রতিনিধিরা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু মার্কিন চলচ্চিত্রনির্মাতা লেয়ার লেভিনও এদিন উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশিদের সঙ্গে পায়ে পা মিলিয়ে, হাতে বাংলাদেশের পতাকা নিয়ে শোভাযাত্রার পুরো পথ প্রদক্ষিণ করেন। এ সময় সবার কণ্ঠে ছিল ‘জয় বাংলা’ ধ্বনি।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পাবলিক স্কুল ৬৯-এ এসে শেষ হয়। সেখানে অপেক্ষা করছিলেন নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট লেটিশিয়া জেমস। তাঁর হাতে ৪৬টি বেলুন তুলে দেন মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। সমবেত বাংলাদেশিদের উল্লাসধ্বনির মধ্যে তাঁরা দুজন বেলুনগুলো আকাশে উড়িয়ে দেন।
শোভাযাত্রা শুরু হওয়ার আগে ডাইভারসিটি প্লাজায় ৪৬ জন প্রবাসী কবি স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁদের রচিত কবিতা পাঠ করে শোনান। একই সময় শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আরও ছিল শিশুদের জন্য ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা।
শোভাযাত্রা শেষে স্কুল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা ও বিশেষ সংগীতানুষ্ঠান। সেখানে প্রবাসের বর্ষীয়ান মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননাপত্র। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য লেয়ার লেভিনের হাতে তুলে দেওয়া হয় বিশেষভাবে তৈরি প্লাক।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর মারিও কুওমো একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনটি মুক্তধারা ফাউন্ডেশনের হাতে তুলে দেন গভর্নর কুওমোর বিশেষ প্রতিনিধি হার্শ পারেখ।