নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে ফারহান সাঈদ
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে সম্প্রতি পাঁচ বাংলাদেশি তরুণের অকাল মৃত্যুর পর এবার সড়ক দুর্ঘটনায় আরও এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম ফারহান সাঈদ (২১)।

নিহত ফারহান কুইন্সের জ্যামাইকায় বসবাস করতেন। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদে। ছোটবেলায় তিনি মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন।

২৫ আগস্ট ভোর রাত চারটার দিকে নিউইয়র্কের আপস্টেটের বেয়ার মাউন্টেন এলাকায় প্লালিসাইড পার্কওয়ের এক্সিট ১৮-তে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন ফারহান। মোড় ঘোরার সময় গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফারহানের দুই বন্ধু আহত হয়েছেন। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফারহানের মা নাসরিন আক্তার বলেন, ‘রাতে বাসায় ফিরে ফারহান খাওয়া-দাওয়া করে ঘুমাতে যায়। ভোরে বড় ছেলের পায়ের শব্দে ঘুম ভেঙে যায় এবং জীবনের চরম দুঃসংবাদটি পাই। কিন্তু আমি তা বিশ্বাস করি না।’

এদিকে ফারহানের মরদেহ আপস্টেট থেকে ২৫ আগস্ট রাতে নিউইয়র্ক সিটিতে আনা হয়। ২৮ আগস্ট লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবর স্থানে তাঁকে দাফন করার কথা।

ফারহানের অকাল মৃত্যুতে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষ থেকে টাঙ্গাইল সমিতি ইউএসএর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বার্তায় সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান শোক ও সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আরও শোক প্রকাশ করেছেন সংগঠনের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান খান, সাবেক সভাপতি হারুন-অর রশীদ, মিজানুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নূর এ আলম, এনামুল ইসলাম খান, আজাদ আরী খান, শহিদুল ইসলাম প্রমুখ।