নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সায়েম শাহরিয়ার
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের লং আইল্যান্ডে প্রাইভেট কারের ধাক্কায় সায়েম শাহরিয়ার (২৪) নামের বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণ নিহত হয়েছেন। সম্প্রতি তাঁর প্রযুক্তি প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।

গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত নয়টায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের ৪১ এক্সিটে রাস্তা পারাপারের এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সদস্য সায়েম শাহরিয়ারের গ্রামের বাড়ি বৃহত্তর নোয়াখালী। তাঁর বাবার নাম ইকবাল ইসলাম ও মা কুমু ইসলাম। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সায়েম মা-বাবার একমাত্র ছেলে। তাঁর ছোট এক বোন রয়েছে। তাঁরা সপরিবারে লং আইল্যান্ডে বাস করতেন।

সায়েম শাহরিয়ার নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে আইটি প্রকৌশলে ২০১৮ সালে গ্র্যাজুয়েশন করেছেন। সম্প্রতি তাঁর ক্যালিফোর্নিয়ার একটি আইটি ফার্মে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল

সায়েম শাহরিয়ারের অকাল মৃত্যুতে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কসহ বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

শোক ও সমবেদনা জানাতে কমিউনিটির অনেকেই ছুটে গেছেন রনকনকমায় সায়েমের বাসায়। নিহত সায়েম নিউইয়র্কে বাংলাদেশি স্টুডেন্টদের উদ্যোগে আয়োজিত ব্লাড ডোনেশনসহ বিভিন্ন মানবিক সেবায় কাজ করেছেন।

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন বলেন, ২ অক্টোবর জুমার নামাজের পর লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে মরদেহ দাফন করা হবে।

সৈয়দ মোস্তফা আল আমিন আরও বলেন, সায়েম শাহরিয়ার নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে আইটি প্রকৌশলে ২০১৮ সালে গ্র্যাজুয়েশন করেছেন। সম্প্রতি তাঁর ক্যালিফোর্নিয়ার একটি আইটি ফার্মে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।