নিউইয়র্কে হামলায় আহত বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে খবির উদ্দিন ভূইয়া নামে এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কমিউনিটি নেতারা এটিকে হেট ক্রাইম বলে সন্দেহ করছেন।
স্থানীয় সময় গত বুধবার রাত আটটার দিকে ব্রঙ্কসের ক্যাসেলহিল সাবওয়ের কাছে এ ঘটনা ঘটে।
আহত খবির উদ্দিনের বয়স ৫৮ বছর। তিনি বৃহত্তর কুমিল্লা সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
খবির উদ্দিন ভূইয়ার ভাষ্য, ওইদিন রাত প্রায় আটটার দিকে স্টারলিং-বাংলাবাজারের স্থানীয় একটি মুদিদোকান থেকে বাজার করে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি কিলঘুষি মেরে তাঁকে আহত করে। তবে তারা খবিরউদ্দিনের সঙ্গে থাকা ফোন বা টাকাপয়সা নেয়নি। এ সময় খবিরউদ্দিনের চিৎকার শুনে বাঙালি এক ক্যাবচালক সেখানে যান। তিনি পুলিশে খবর দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবিরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবির জানিয়েছেন, হামলাকারীদের তিনি চেনেন না।