নিউইয়র্কে হারুনুর রশীদকে রায়পুর সোসাইটির সংবর্ধনা

সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদকে সংবর্ধনা দিয়েছে আমেরিকা প্রবাসী রায়পুরবাসী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অতিথিকে দলমতের ঊর্ধ্বের একজন জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগ করলেও তিনি একজন সৎ, আদর্শবান মানুষ। তাঁর মতো ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকলে এলাকার উন্নয়ন হবেই। তাই আগামী নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠান আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সম্মানে ২৩ সেপ্টেম্বর রায়পুর সোসাইটি ইউএসএ ইনক এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে হারুনুর রশীদ তাঁর জন্য এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসলেই রায়পুর অবহেলিত। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা শুধু খারাপই নয়, বছরের পর বছর এসব রাস্তার কোনো সংস্কার ও সংস্কার হচ্ছে না। দল-মতের ঊর্ধ্বে আমাদের বড় পরিচয় ‘আমরা রায়পুরবাসী’। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই রায়পুরের উন্নয়ন সম্ভব। তিনি অভিযোগ করেন, এলাকার উন্নয়নে স্থানীয় সাংসদের ভূমিকা আর দায়িত্ব অনেক। অথচ যিনি রায়পুরের ক্ষমতায় আছেন, এলাকার সঙ্গে তার সম্পর্ক নেই, উন্নয়নে তার প্রতিনিধিত্ব নেই।
ব্রুকলিনের গ্রিন হাউস রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আমানত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মঞ্জু হারুন, রায়পুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু তালেব, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের মহাসচিব আবদুর রকীব মন্টু, ব্যবসায়ী ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক দেলোয়ার হোসেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর সভাপতি আবদুর রব মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু।

সাংবাদিক ও রায়পুর সোসাইটির অন্যতম উপদেষ্টা শিবলী চৌধুরী কায়েসের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবীর ও সেলিম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি আকতার হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, কমিউনিটি নেতা বেলাল হোসেন ও মোহাম্মদ আবুল বাসার।
সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বাংলাদেশ সফরে থাকায় সংগঠনের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত রায়পুর সোসাইটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম ও বিশেষ দোয়া পরিচালনা করেন আবুল বাসার। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি এস এম আমানত। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ইব্রাহীম চৌধুরী রতন ও রায়পুর সোসাইটির দপ্তর সম্পাদক রোকসানা।
অনুষ্ঠানে বক্তারা রায়পুর উপজেলার বিভিন্ন সমস্যা বিশেষ করে গ্যাস আর রাস্তাঘাটের চরম দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, প্রকৃত জনপ্রতিনিধির অভাবেই রায়পুর উপজেলা বছরে পর বছর অবহেলিত। তাই হারুনুর রশীদের মতো একজন নেতার দরকার।
মুক্তিযোদ্ধা আবু তালেব বলেন, ‘মরহুম রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহ রায়পুরের যেমন কৃতি সন্তান, সৎ ও আদর্শবান মানুষ তেমনি হারুনুর রশীদ একজন সৎ ব্যক্তির উদাহরণ। রায়পুরে আমিসহ মাত্র দুজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নিয়ে ৬০/৭০ জনের বেশি মুক্তিযোদ্ধার তালিকা হওয়ার কথা নয়। অথচ সেই তালিকায় চার শর মতো মুক্তিযোদ্ধা দেখানো হয়েছে। মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নিয়ে সুযোগ-সুবিধা আর সরকারি ভাতা নিচ্ছেন অনেকে। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সংবর্ধনা শেষে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী জুটি প্রমি-তাজ। বিপুলসংখ্যক প্রবাসী রায়পুরবাসী সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতায় কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন রুবেল ভাট। বিজ্ঞপ্তি