নিউইয়র্কে হাসপাতালে গুলি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে একটি হাসপাতালে গুলি ছুড়েছে এক ব্যক্তি। এ ঘটনায় একজন নারী চিকিৎসক নিহত হয়েছেন। আহত অন্তত ছয়জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে এ গুলির ঘটনা ঘটে।

এএফপির খবরে জানানো হয়, মেয়র বিল দে ব্লাসিও ও পুলিশপ্রধান জেমস ও’নিল জানান, ওই হামলাকারীও একজন চিকিৎসক এবং তিনি ওই হাসপাতালের সাবেক কর্মী। সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশের দায়ে তাঁকে ওই হাসপাতাল থেকে চাকরিচ্যুত করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী একটি সাদা কোটের মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্রটি লুকিয়ে নিয়ে হাসপাতালে ঢোকেন। বেলা তিনটার দিকে এক হাজার শয্যাবিশিষ্ট ব্রংক্স-লেবানন হাসপাতালে যখন প্রচুর রোগী চিকিৎসাসেবা নিতে আসে, তখন তিনি হামলা চালান। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ওই হাসপাতাল ঘিরে ফেলে। হামলাকারীকে ধরতে তারা হাসপাতাল ভবনের ছাদ থেকে শুরু করে প্রতিটি তলায় তল্লাশি অভিযান চালায়। পরে ভবনটির ১৮ তলায় একটি পুলের পাশে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।

ওই নারী চিকিৎসককে গুলি করার পর হামলাকারী নিজেই আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ও’নিল। তিনি বলেন, ভবনের বিপদ-ঘণ্টা বাজার আগেই হামলাকারী নিজের মাথায় গুলি ছোড়েন। তবে হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি তারা।

হামলাকারীর গুলিতে যে নারী চিকিৎসক মারা গেছেন, তাঁরও পরিচয় প্রকাশ করা হয়নি। মেয়র জানান, এখনো কয়েকজন চিকিৎসক আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবে কতজন আহত হয়েছেন, এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। সংবাদ সম্মেলনে দে ব্লাসিও বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে এটি কোনো জঙ্গি হামলা নয়। এটি বিচ্ছিন্ন ঘটনা।’