নিউইয়র্কে ১২ ক্যাব চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে ১২ জন ক্যাব চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশন গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে জুলাই মাসে এসব ক্যাবচালক ক্রেডিট কার্ড জালিয়াতির এ ঘটনা ঘটান। শতাধিক যাত্রী যারা গাড়িতে ওঠেননি পর্যন্ত, তাদের ক্রেডিট কার্ডে ভাড়া আদায় দেখানো হয়েছে।

নিউইয়র্ক নগরীর ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশনের প্রধান মার্ক পিটার্স বলেছেন, গ্রেপ্তার করা ১২ জন ক্যাব চালক তাঁদের গাড়িকে অপরাধ ঘটানোর কাজে ব্যবহার করেছেন।

নিউইয়র্কে যাত্রীরা ক্যাব চালকদের নগদে অথবা ক্রেডিট কার্ডে ভাড়া দিতে পারেন। ক্রেডিট কার্ডের এসব ভাড়া ভিন্ন একটি সংস্থার দ্বারা সংগ্রহ করা হয়। অভিযুক্ত ১২ জন ক্যাব চালক কোনো এক সময়ে যাত্রীদের ক্রেডিট কার্ড গ্রহণ করে ক্যাবে সংযুক্ত থাকা যন্ত্রে একাধিকবার চার্জ করেন। চার্জের পরিমাণ ১০০ থেকে ৫০০ ডলার বলে তদন্তে বেরিয়ে এসেছে। তদন্ত সূত্র জানায়, অধিকাংশ কার্ড যখন চার্জ করা হয়, তখন কার্ডের মালিকদের অবস্থান নিউইয়র্কে ছিল না। গ্রেপ্তার করা ক্যাব চালকদের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

নিউইয়র্কের গুরুত্বপূর্ণ পরিবহন ইয়েলো ক্যাবে এমন ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর ব্যাপক তদন্ত শুরু হয়েছে। নিউইয়র্কের সক্রিয় ক্যাব চালকদের এক-তৃতীয়াংশই বাংলাদেশি প্রবাসী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি রয়েছেন কিনা জানা যায়নি।