নিউইয়র্কে ৬ বছরে আড়াই লাখ টনের বেশি ই-বর্জ্য সংগ্রহ!

নিউইয়র্ক অঙ্গরাজ্যে ছয় বছর আগে ই-বর্জ্য সংগ্রহ করে তা পুনর্ব্যবহারযোগ্য করার একটি প্রকল্প গ্রহণ করা হয়। অঙ্গরাজ্যের পরিবেশ সংরক্ষণ বিভাগের (ডিইসি) আওতায় গৃহীত এ প্রকল্পের অধীনে এখন পর্যন্ত ২ লাখ ৬০ হাজার টনেরও বেশি ই-বর্জ্য সংগ্রহ করা হয়েছে। ২৪ ডিসেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রকল্প গ্রহণের প্রথম ছয় বছরেই এই বিপুল পরিমাণ ই-বর্জ্য সংগ্রহকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। এই প্রকল্পের আওতায় মূলত পুরোনো ক্যাথোড রে টিউব, টেলিভিশন ও কম্পিউটার মনিটর সংগ্রহ করা হয়। এ ছাড়া অন্যান্য ই-বর্জ্যও এর আওতায় সংগ্রহ করে তা পুনর্ব্যবহার উপযোগী করা হয়। প্রকল্পের প্রাথমিক সাফল্যের পরিপ্রেক্ষিতে এখন এ বাবদ আরও ৩ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ।
বিশেষত ক্রিসমাস ও নতুন বছরের উৎসব উদ্যাপনকে সামনে রেখে বিশেষ প্রচারেও নেমেছে ডিইসি। সাধারণত বিভিন্ন উৎসবের সময় অনেকেই প্রিয়জনকে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী উপহার হিসেবে দেন। আর এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা পুরোনো ইলেক্ট্রনিক্স সামগ্রী ফেলে দেন। এই অবস্থায় পুরোনো ইলেক্ট্রনিক্স সামগ্রী ফেলে দেওয়ার সময় সবাইকে সচেতন থাকার অনুরোধ করেছে ডিইসি। কম্পিউটার, প্রিন্টার, মনিটর, টেলিভিশন, ট্যাবলেটসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী পুনর্ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে ডিইসি। এ জন্য গ্রাহকদের কাছ থেকে ই-বর্জ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে। একই সঙ্গে এমন কার্যক্রমের জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না বলেও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।