নিউইয়র্কে 'কনসার্ট ফর বাংলাদেশ' স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশের স্মরণ অনুষ্ঠানে শিল্পী রথীন্দ্রনাথ রায়। ছবি: সংগৃহীত
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশের স্মরণ অনুষ্ঠানে শিল্পী রথীন্দ্রনাথ রায়। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে বাংলাদেশের উদ্বাস্তুদের সাহায্যে একই দিনে পরপর দুটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। বব ডিলান, এরিক ক্ল্যাপ্টনসহ বিশ্বের সেরা পপশিল্পীরা এই কনসার্টে অংশ নেন। জনপ্রিয় এই কনসার্টের মাধ্যমে বিশ্বের বিপুলসংখ্যক মানুষ প্রথমবারের মতো বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামের কথা জানতে পেরেছিল।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কথা, গান ও কবিতায় সেই কনসার্ট ও শিল্পীদের অবদানের কথা স্মরণ করলেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রেন্ডস অব ফ্রিডম নামে একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জর্জ হ্যারিসন ও অন্য শিল্পী যাঁরা এই কনসার্টে সংগীত পরিবেশন করেন, তাঁদেরকে ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ হিসেবে অভিহিত করে গভীর কৃতজ্ঞতা জানান।

আলোচনায় অংশ নিয়ে নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একই নামে আরেকটি কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এই কনসার্ট আয়োজনে তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রস্তাবটি সমর্থন করে বলেন, এই কনসার্টের নাম হতে পারে কনসার্ট ফর বাংলাদেশ ২। তিনি জানান, আজকের বাংলাদেশ যে কতটা বদলে গেছে, এই দ্বিতীয় কনসার্টের মাধ্যমে সে কথা বিশ্ববাসীকে জানানো সম্ভব।

ফ্রেন্ডস অব ফ্রিডমের অন্যতম সংগঠক শামীম আল আমীন জানান, ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এর নাটকীয় বিবরণ–সংবলিত একটি তথ্যচিত্র নির্মাণের কাজে তাঁরা হাত দিয়েছেন।

অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পী মাহি ও নিলয় জর্জ হ্যারিসনের বিখ্যাত গান ‘বাংলাদেশ’ পরিবেশন করেন। এ ছাড়া স্বাধীন বাংলা বেতারের দুই কণ্ঠযোদ্ধা, রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।