নিউইয়র্কে 'বাংলাদেশ সম্মেলন' অনুষ্ঠিত

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সম্মেলন’। বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকার আয়োজনে জ্যাকসন হাইটসের বেলোজিনো মিলনায়তনে ১ থেকে ৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩ সেপ্টেম্বর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ সময় বাংলাদেশ সম্মেলনের উদ্যোক্তা ও আহ্বায়ক আলমগীর খান আলম, সেক্টর কমান্ডার্স ফোরাম আমেরিকার সভাপতি রাশেদ আহমেদ ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার উপস্থিত ছিলেন।
এর আগে ১ সেপ্টেম্বর বেলুন উড়িয়ে সম্মেলনটি উদ্বোধন করেন রাজনীতিবিদ ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আবদুস সালাম। এ সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসানসহ বিশিষ্টজনেরা। এতে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ‘আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের বাইরে আমরা সবাই প্রবাসী বাংলাদেশি। দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তরা কে কোন দলের সে হিসাব করছে না। সেখানে তাদের একটাই পরিচয়, ‘ক্ষতিগ্রস্ত’। আর আপনারা সবাই এই ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। এটাই আমাদের সংস্কৃতি।’
সাদিয়া খন্দকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজউদ্দৌলা, সংগীতশিল্পী রিজিয়া পারভিন, রাজনীতিবিদ গিয়াস আহমেদ ও মাহবুব আলী বুলু, ব্যবসায়ী মো. শাহনেওয়াজ ও বিলাল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।

এ ছাড়া তিন দিনব্যাপী এই সম্মেলনের বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এসব সেমিনারে চলমান রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে মার্কিন প্রশাসন ও জাতিসংঘের সহায়তার জন্য জোর প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সম্মেলনে। এতে বিশেষত ভিন্ন সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাঙালি সংস্কৃতির পরিচয় ঘটানোর প্রয়াস জোরদারের বিষয়ে মত ব্যক্ত করেন বক্তারা। সম্মেলনে সদ্যপ্রয়াত কণ্ঠযোদ্ধা আবদুল জব্বার, মঞ্জুর আহমেদ ও লাকী আখন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্মেলনে ছিল মেলা, সেমিনার, ট্যালেন্ট শো, ফ্যাশন শোসহ জমকালো আয়োজন। এর বিভিন্ন সেমিনার ও আলোচনা পর্বে অংশ নেন বিএনপির নেতা এম এ সালাম ও গিয়াস আহমেদ, রেজাউল বারি, শাহনেওয়াজ, বিলাল চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, শহীদ হাসান, রিজিয়া পারভিন, সেলিম চৌধুরী, মুক্তা সারওয়ার, বিউটি দাস, শাহ মাহবুব, সাইরা রেজা, শাহরিন সুলতানা, জাকারিয়া মহিউদ্দিন, মীরা সিনহা প্রমুখ। এ ছাড়া ছিল স্বরচিত কবিতাপাঠ, পুঁথিপাঠ, আবৃত্তি, অনূদিত কবিতাপাঠ এবং আলোচনার সমন্বয়ে সাজানো ‘কাব্য জলসা’ নামে একটি বিশেষ পর্ব। এতে অংশ নেন সৈয়দ কামরুল, শামস আল মমীন, শাহীন ইবনে দিলওয়ার, মাকসুদা আহমেদ, শামীম আফিয়া, আনওয়ারুল লাভলু, গোপন সাহা, মনিজা রহমান, শাম্মী আখতার, রওশন হাসান, জুলি রহমান, শুক্লা রায় প্রমুখ।