নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে চারজন নারীকে লাঞ্ছনা করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানের বিরুদ্ধে। ছবি: এএফপি
চার নারীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানের বিরুদ্ধে। ছবি: এএফপি


নারীদের যৌন হয়রানি করার অভিযোগ ওঠায় চলচ্চিত্র জগতের মোগল হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন তিনি। বিভিন্ন সময় যৌন হয়রানির বিরুদ্ধে জোরালো ভূমিকাও রাখতে দেখা গেছে তাঁকে। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অন্যতম শীর্ষ আইনি কর্মকর্তা হিসেবে। এবার তাঁর বিরুদ্ধেই উঠল নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ। তাও একজন নয়, চার চারজন নারীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানের বিরুদ্ধে।

বিবিসি ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন স্নাইডারম্যান। দ্য নিউইয়র্কার ম্যাগাজিনকে দুজন নারী অভিযোগ করেন, স্নাইডারম্যান তাঁদের গলায় আঘাত করেছেন ও মারধর করেছেন। তাঁরা চিকিৎসা নিয়েছেন বলেও জানান। আরেক নারী আইনজীবী অভিযোগ করে বলেন, স্নাইডারম্যান তাঁর মুখে গুরুতর আঘাত করেছেন। অপর নারীও একই রকম অভিজ্ঞতার কথা জানান। চারজন নারীই বলেন, তাঁদের সঙ্গে স্নাইডারম্যানের প্রেমের সম্পর্ক ছিল।

স্নাইডারম্যান যৌন হয়রানির বিরুদ্ধে উচ্চকণ্ঠ নারীদের মি টু আন্দোলনের জোর সমর্থক হিসেবে পরিচিত।

গতকাল সোমবার এক বিবৃতিতে স্নাইডারম্যান বলেন, তাঁর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সঙ্গে তাঁর পেশাগত দায়িত্বের কোনো সম্পর্ক নেই। কিন্তু এগুলো তাঁকে সুচারুভাবে দায়িত্ব পালনে বাধা দেবে। তাই তিনি পদত্যাগ করছেন।

স্নাইডারম্যান আরও বলেন, ব্যক্তিগত জীবনে নারীদের সঙ্গে তাঁর প্রেমের এবং যৌনতার সম্পর্ক ছিল। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি। সীমা অতিক্রম করেননি।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো স্নাইডারম্যানকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিউইয়র্কের শীর্ষ আইনি কর্মকর্তাসহ কেউই আইনের ঊর্ধ্বে নন।

নিউইয়র্কের চলচ্চিত্র জগতের মোগল হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে বেশ কিছু যৌন হয়রানির অভিযোগ ওঠে। নিউইয়র্কের প্রধান কৌঁসুলি হিসেবে স্নাইডারম্যান এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। স্নাইডারম্যান যৌন হয়রানির বিরুদ্ধে এরপর বিভিন্ন সতর্কতামূলক টুইট করেন।