নিউইয়র্কের ইয়েলো ক্যাবের সংখ্যা দ্বিগুণ হতে পারে
নিউইয়র্ক নগরে চলাচলকারী ইয়েলো ক্যাবের সংখ্যা দ্বিগুণ পারে। এ মর্মে ১৭ অক্টোবর সিটি কাউন্সিলে একটি খসড়া বিল উত্থাপিত হয়েছে। এ বিল পাস হলে নিউইয়র্কে চলাচলকারী ক্যাবের সংখ্যা রাতারাতি বেড়ে যাবে।
ম্যানহাটনের কাউন্সিলম্যান ইডানিস রর্ড্রিগুজ এই বিল উত্থাপন করেছেন। ইয়েলো ক্যাব কোম্পানি এবং ই-মেইল কোম্পানির মধ্যে বিদ্যমান বিরোধ তথা বৈষম্যের মধ্যে সমতা আনার উদ্দেশে ট্যাক্সি ক্যাব দ্বিগুণ করার এ আইনি প্রস্তাব উত্থাপিত হয়।
বিলটি আইনে পরিণত হলে ট্যাক্সি মেডেলিয়ন গাড়ির নম্বরের মালিকেরা আরেকটি গাড়ি যোগ করার সুযোগ পাবেন। ইডানিস রর্ড্রিগুজ বলেন, এ বিল তথা আইনের মাধ্যমে ট্যাক্সির নম্বর মালিকদের কাছে আকর্ষণীয় বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ‘উবার এবং লিফ্ট গাড়ির কোম্পানিরা যদি কোনো রেজিস্ট্রেশন ছাড়াই অধিক গাড়ি চালাতে পারে তবে ইয়েলো ক্যাবও তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারে। ইয়েলো ক্যাবের কোনো নমনীয়তা নেই। কিন্তু ব্ল্যাক কার মালিকেরাও যেমন ইচ্ছে তেমন করতে পারে। এটাকে আমি যথার্থ ও সঠিক বলে মনে করি। এটাই করতে হবে।’
বর্তমানে নিউইয়র্ক নগরে ১৩ হাজার ৫৮৭টি ট্যাক্সি মেডিলিয়ন নির্ধারিত করে দেওয়া আছে। নিউইয়র্ক স্টেটের আইনানুযায়ী এ সংখ্যার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। রর্ড্রিগুজের উত্থাপিত আইন অস্তিত্বের সংগ্রামে লিপ্ত ইয়েলো ক্যাবের উন্নতি ও বিস্তৃতির জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
নিউইয়র্ক নগরের ট্যাক্সি ক্যাবের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে রর্ড্রিগুজের উত্থাপিত আইন এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত মহল বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন।