নিউইয়র্কের উল্টো পিঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ভিক্ষুকের তৎপরতা
নিউইয়র্কে ভিক্ষুকের তৎপরতা

নিউইয়র্ক এক অসীম সম্ভাবনার জায়গা। বেশির ভাগ মানুষই অভিবাসী হয়ে এই শহরটিকে আপন করে নেয়। নিজের পরিশ্রমে গড়ে তোলে নিজের ভবিষ্যৎ।
কিন্তু দেশে বসে এখানকার সংগ্রাম বোঝার কোনো সুযোগ নেই। নিজের চোখে এই সংগ্রাম না দেখলে মনে হতে পারে, নিউইয়র্ক সোনায় মোড়ানো এক শহর। প্রদীপের নিচের অন্ধকারটা চোখেই পড়ে না।
বছরখানেক আগে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান কাভার করতে সুইডেন গিয়েছিলাম। সেখানেও মেট্রো স্টেশনে কিংবা স্টেশন থেকে বের হওয়ার পর ভিক্ষুক দেখেছি। জিজ্ঞেস করে জেনেছি, এদের অধিকাংশই রোমানীয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপের দেশগুলো থেকে উদ্বাস্তুর একটা ঝড় বয়ে গিয়েছিল আশপাশের দেশগুলোয়। সুইডেনে বুঝি সবচেয়ে বেশি মানুষ এসেছিল রোমানিয়া থেকে। এই উদ্বাস্তুদের অনেকেই সুইডিশ জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছিল নিজেদের, কেউ বেছে নিয়েছিল সহজে বেঁচে থাকার উপায়—ভিক্ষাবৃত্তি।
নিউইয়র্কের সাবওয়েতে ভিক্ষাবৃত্তির কিছু অভিনব পন্থা দেখে কথাটা মনে পড়ল।
সাবওয়েতে বেশ কিছু ঘটনা ঘটে। নতুন যারা চলাচল করছে, তারা সে ঘটনাগুলোয় অভিভূত হয়। কিছুদিন চলার পর বুঝতে পারে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
এফ ট্রেনে পারসন্স বুলেভার্ড থেকে জ্যাকসন হাইট্‌সের দিকে যাওয়ার সময় পরপর দুদিন একই মানুষকে দেখলাম একই কথা বলে যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে। খুবই সহজ ইংরেজিতে তিনি জানালেন, তাঁর নৈশভোজের টাকা প্রায় জোগাড় হয়ে গেছে। বড়োলোকি খাবার তিনি খাবেন না, শুধু এক টুকরো পিৎজা আর এক বোতল পানি দিয়েই খাওয়ার কাজটা সারবেন। অর্থ জোগাড় হয়ে গেছে, মাত্র ২ ডলার কম পড়েছে। আছেন কোনো ভাই, যিনি এই ভাইয়ের সাহায্যে আসতে পারেন?
নিয়মিত যাত্রীরা এই মানুষটির কথা শুনলই না। যে যার কাজে ব্যস্ত হয়ে থাকল। তবে দুদিনই হৃদয়বান মানুষের দেখা পাওয়া গেল। দুদিনই জোগাড় হয়ে গেল তাঁর রাতের খাবারের অর্থ।
সেই ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্ট থেকে বের হয়ে আরেক কম্পার্টমেন্টে ঢুকলেন, বোঝা গেল ওখানেও তিনি তাঁর দুই ডলারের গপ্প ফাঁদবেন। শুকনো কথায় চিড়ে ভেজে, এ অভিজ্ঞতাও হলো।
আমার মনে পড়ে গেল শৈশবের কথা। বড় ভাই শামীম রেজা নূরের একটা দোকান ছিল বায়তুল মোকাররমে। স্কুল ফাঁকি দিয়ে সে সময় চলে যেতাম সে দোকানে। ফলে সে এলাকার প্রতারকদের চেনা হয়ে গিয়েছিল। তাদেরই একজনের কথা বলি। তিনি মসজিদের সামনে বসে সাপের খেলা দেখাতেন। তাঁর নাম ছিল ‘গনি’। শুরুতে নিজের চার-পাঁচজন লোককে জড়ো করে খেলা শুরু করতেন। সাপগুলো বের করে বাঁশি বাজাতেন। এরপর লোক জড়ো হলে শুরু করতেন সাপ বিষয়ক গল্প বলা। মানুষ খুব আগ্রহ নিয়ে শুনত। প্রতিদিনই নতুন মানুষ আসছে মার্কেটে, তাদেরই কেউ কেউ মজে যাচ্ছে কথায়। সবাই ভাবছে, কথা শেষ হলেই সাপের লেখা দেখানো হবে। কিন্তু দেখা গেল পুরো বিষয়টাই ওষুধ বিক্রির খেলায় পরিণত হয়েছে। ওষুধ বিক্রি হয়ে গেলে আর সাপের খেলা চলে না। একবার ওষুধ বিক্রি হয়ে গেলে দু ঘণ্টা পর আবার একইভাবে চলছে খেলা। প্রতিদিন কয়েকবার করে। আমি তা দেখতাম। সাপুড়ে গনি কোন কথার পর কোন কথা বলবে, তা মুখস্থ হয়ে গিয়েছিল আমার। এখানে সাবওয়ের এই হ্যাংলা পাতলা সাদা লোকটাও যে একই কথা বলে যাচ্ছে দিনের পর দিন, সে বিষয়ে আর কোনো সন্দেহ ছিল না আমার। দুজনকেই অসাধারণ বাগ্মী ক্যানভাসার হিসেবে মেনে নিতে পারি আমি।

একই ধরনের গল্প করতে থাকা আরেকজন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানকে দেখলাম। তার গল্পটি আরও নিখুঁত। দুদিনই পড়ন্ত সন্ধ্যায় দুদিকের দুই ট্রেনে তাঁর গল্প শুনেছি। তিনি খুব বিনয়ের সঙ্গে বলেন, আগামীকাল সকালে তাঁর চাকরির ইন্টারভিউ। এই চাকরিটা হয়ে গেলে তিনি আর কোনো দিন কারও কাছে হাত পাতবেন না। চাকরিটা ভালো। বার্ষিকক আয় লোভনীয়। সে তো দূরের স্বপ্ন। পড়াশোনা যতটা করেছেন, তাতে এই চাকরি তার হতেই হবে। কিন্তু আজ একবেলা খাওয়ার মতো পয়সা নেই তাঁর হাতে। এখানে যদি কেউ থেকে থাকেন, যিনি একজন সৎ, চাকরির খোঁজে একাগ্র একজন মানুষকে সাহায্য করতে চান, তাহলে অবশ্যই দু-এক ডলার দিয়ে যাবেন।
এটুকু বলে মাথার টুপিটা খুলে সামনে বাড়িয়ে দেন। কেউ কেউ টাকা দেয়, কেউ কেউ দেয় না। না-দেওয়া মানুষের সংখ্যাই বেশি। নিউইয়র্কে এক ডলার আয় করা খুব সহজ কাজ নয়।
এক বাঙালি নারীর অভিনব প্রতারণা দেখার দুর্ভাগ্য হয়েছে আমার। সাবওয়েতে ওঠার আগে টিকিট বুথের সামনে দাঁড়িয়ে তিনি বাঙালি খোঁজেন, খাঁটি বাংলায় (এক অঞ্চলের টান আছে কথায়)।
‘আপনি বাঙালি?’
‘হ্যাঁ।’
‘কি যে বলব ভাই, আমার পার্সটা পাচ্ছি না। সাবওয়েতে যে উঠব, তার পয়সা নেই। আপনি কি আমাকে কয়েকটা ডলার ধার দিতে পারেন?’
প্রথম দিন ৫ ডলার দিয়েছি। বাঙালি এক নারী বিপদে পড়েছেন, তার সাহায্যে এগিয়ে আসব না?
কয়েক দিন পর সেই একই নারী একইভাবে টাকা চাইলেন। এবার অবশ্য অন্য স্টেশনে। তাঁকে মনে করিয়ে দিলাম, এর আগেও তিনি পার্স হারিয়েছিলেন। তিনি কি প্রতিদিনই পার্স হারান?’
কোনো কথা না বলে সে নারী গটগট করে হেঁটে চলে গেলেন।
আমি ওই নারীকে দোষ দিই না। মাঝবয়স পেরিয়ে যাওয়া এই নারী হয়তো এখানে এসেছেন ছেলে বা মেয়ের মাধ্যমে। এখন এ দেশে করার কিছু নেই। কেউ হয়তো তাঁকে শিখিয়ে দিয়েছে, এভাবেও আয় করা যায়। তাই হয়তো তিনি প্রতারণার পথ বেছে নিয়েছেন। হয়তো আবার কোনো দিন কোনো মেট্রো স্টেশনে তাঁর সঙ্গে দেখা হয়ে যাবে। এবার আর তাঁকে কিছু বলব না। তিনি তাঁর মতোই বেঁচে থাকুন।
তবে পরিশ্রম করে টাকা আয় করার চেষ্টাও দেখেছি সাবওয়েতে। প্রায়ই এদের দেখি। দুজন আফ্রিকান ছেলে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে সাবওয়েতে। দেখলেই মন ভরে যায়। কম্পার্টমেন্টে উঠে মিউজিক ছেড়ে দিয়ে ওরা দুজন যা করে, তা যেকোনো অ্যাক্রোবেটিক শো-এর মতোই মোহনীয়। ধরে দাঁড়ানোর রডের ওপর তাদের শারীরিক কসরত, টুপি মাথা থেকে ফেলে পায়ের সাহায্যে শরীরের বিভিন্ন জায়গায় স্থাপন, সে এক দারুণ বিনোদন। নতুন স্টেশন আসার আগেই তারা খেলা শেষ করে, তারপর টুপি পেতে সাহায্যের আবেদন করে। এরাও যে খুব বেশি আয় করে, তা নয়। কিন্তু ভিক্ষা না করে নিজেদের খেলা দেখিয়ে বেঁচে থাকার এই মনোবল আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।
প্রতিদিন নতুন করে দেখছি নিউইয়র্ক শহরটাকে। বিশেষ করে জ্যাকসন হাইটস আর জ্যামাইকার জনজীবন দেখতে দেখতে মনে হয়েছে, যা শুনেছি, যা জেনেছি এত দিন, তার বাইরেও একটা শহর আছে এই নিউইয়র্কের ভেতরেই। ধীরে ধীরে তা জানতে হবে, বুঝতে হবে। নইলে এই শহরের তল খুঁজে পাওয়া যাবে না।