নিউইয়র্কের এটিএমের ফি মাত্রাতিরিক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ব্যাংকগুলো এটিএম সেবার জন্য অতিমাত্রায় ফি নিচ্ছে। কিন্তু এর বিপরীতে গ্রাহকদের কম সুদ দিচ্ছে ব্যাংকগুলো। এ অবস্থা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে আমেরিকার বড় শহরগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এটিএম ফি দিতে হয় নিউইয়র্কবাসীদের। এ ক্ষেত্রে গত বছর নিউইয়র্ক শহরের অবস্থান ছিল ষষ্ঠ।

ব্যাংকরেট ডটকম পরিচালিত এক জরিপের তথ্যমতে, আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের বাসিন্দাদের এটিএম ফি বাবদ সবচেয়ে বেশি অর্থ গুনতে হয়। শহরটিতে প্রতিটি লেনদেনর জন্য এটিএম ফি হিসাবে ৫ ডলার ১৯ সেন্ট দিতে হয় গ্রাহককে। নিউইয়র্কে এ পরিমাণ ৫ ডলার ১৪ সেন্ট, যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ গত বছরই এ পরিমাণ ছিল ৪ ডলার ৮৬ সেন্ট। এদিক থেকে ডালাসবাসী বেশ সুখে আছে বলা যায়। কারণ এটিএম ফি বাবদ সবচেয়ে কম অর্থ গুনতে হয় ডালাসবাসীকে।
ব্যাংকরেট ডটকমের প্রধান আর্থিক বিশ্লেষক গ্রেগ ম্যাকব্রাইড নিউইয়র্ক পোস্টকে বলেন, জরিপে উচ্চমাত্রার এটিএম ফির তথ্য উঠে এসেছে। বড় ব্যাংকগুলোর ব্যয়-সংকোচন নীতিই এর কারণ।
ব্যাংকগুলোর এটিএম ফি এতটাই চড়া যে কোনো ব্যক্তি এ সম্পর্কে ধারণা না নিয়ে এটিএম ব্যবহার করলে রীতিমতো স্তম্ভিত হয়ে যাবে। এ বিষয়ে কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা পল জেনটাইল বলেন, বড় ব্যাংকগুলোই নিউইয়র্ক শহরের আর্থিক খাত নিয়ন্ত্রণ করে। আর তারা এটিএমে লেনদেনের বিপরীতে বিপুল পরিমাণ অর্থ ফি হিসেবে নেয়, যা ছোট প্রতিষ্ঠানগুলোকেও একই দিকে নিয়ে যাচ্ছে। আমেরিকার অন্যতম ব্যয়বহুল শহর নিউইয়র্ক। ফলে এ শহরে এমন বহু মানুষ আছে, যারা এ চড়া ফি দিতে প্রস্তুত থাকে। কিন্তু তা নিম্ন আয়ের মানুষদের বিপাকে ফেলছে। 

এ ক্ষেত্রে কম সুদহারেরও একটি বড় ভূমিকা রয়েছে। এ অবস্থায় ব্যাংকগুলো নিজেদের আয়ের একটি অংশ এটিএমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবার ফি হিসেবে নিতে চাইছে। গত বছর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, জেপি মরগান, ব্যাংক অব আমেরিকা ও ওয়েলস ফারগো গত বছর এই ফি বাবদ মোট ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে।

এটিএমের ফি বাড়ার কারণে অনেক গ্রাহক মোবাইল ব্যাংকিংসহ বিনা মূল্যের বিভিন্ন সেবার দিকে ঝুঁকছেন। ফলে এটিএম সেবাগ্রহীতার সংখ্যাও কমছে। আর এটি আবার পুরো সেবাটি চালু রাখতে ব্যাংকগুলোকে ফি বাড়ানোর দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সংকটটি ক্রমেই জটিল হয়ে উঠছে।