
অবরুদ্ধ মাসের পূর্তিতে মনে হলো ধীরে ধীরে আলোর রেখা দেখা যাচ্ছে। কঠিন এ সময়ে জানা–অজানা অনেকের মানব কর্মকে নিয়ে হৃদয়ে বইছে শত ভাবনা আর কৃতজ্ঞতার শুদ্ধ প্রশমন। তাই আজ আবারও পেছন ফিরে দেখা। দেশে থাকতে সামাজিক প্রথা অনুয়ায়ী নিকট আত্মীয় ছাড়াও অনেক অচেনা বেওয়ারিশ লাশ দাফনে অংশ নিয়েছি বহুবার। ১৯৯০ সালে নিকট আত্মীয় মরহুম আবদুল মতিন চৌধুরীর শেষ গোসলে অংশ নিই। স্বতঃস্ফূর্ত মনে।
স্থানীয় রাজনগর কোয়াটার্সের মসজিদের ঈমাম সাহেবের নির্দেশিত তরিকায় গোসল কার্য শেষ করে শবদেহের দিকে তাকিয়ে চমকে উঠি। নিকট আত্মীয়ের দেহের স্বাভাবিক রং ছিল গাঢ় শ্যামলা। কিন্তু গোসল শেষে লক্ষ্য করলাম, পরো মুখ মণ্ডলের নুরানি জ্যোতির ছটা। এর পেছনে বৈজ্ঞানিক কোন কারণ বা যুক্তি থাকতে পারে। তবে বিষয়টি অলৌকিক মনে হয়েছে। আরও দুইবার মুর্দা সংগ্রহ থেকে শুরু করে শেষ গোসলসহ দাফন কাজে সম্পৃক্ত ছিলাম।
প্রথমটি এরশাদ আমলের প্রথম দিকে আহসান মারা ফেরিঘাটের (সুনামগঞ্জ) বাস দুর্ঘটনায় নিহত প্রায় ৮/১০ জন মৃত ব্যক্তির দাফন কাজে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। ওই ঘটনার কষ্টদায়ক অংশ ছিল, সুনামগঞ্জ জেলা কারাগার থেকে একজন কয়েদির মৃতদেহ সিটের সঙ্গে হাতকড়া বাঁধা অবস্থায় দেখা। আতাউর রহমান লস্কর নামের এক হুজুর ও কোর্ট জামে মসজিদের দুজন সহকারীর সহায়তায় সব কয়টি লাশ ভালো করে গোসল দিয়ে দাফন কাজ শেষ করা হয়। প্রতিটি শবদেহ পোড়া মবিলে একবারে মাখামাখি ছিল। হুজুরসহ আমরা সবাই নিজ হাতে কাপড় নিয়ে পরিষ্কার করে মুছে ধোয়ার কাজ শেষ করি।
অন্যটি ছিল কাছাকাছি সময়ে বৈশাখ মাসের শেষে। কুমিল্লা থেকে আগত মৌসুমি ধান কাটার শ্রমিকদের নিয়ে একটি ট্রাক কুমিল্লা ফেরত যাওয়ার প্রাক্কালে ডাবর-ছয়হারা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে। প্রায় ৮ জন শ্রমিক সেই দুর্ঘটনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যায়।
প্রতিটি মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্ত করে হুজুর আতাউর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সঙ্গে থাকা স্বজনদের অনুমতিক্রমে সুনামগঞ্জে দাফনের সিদ্ধান্ত হয়। ময়নাতদন্ত শেষে একসঙ্গে এত লাশ আমার প্রথম দেখা। সেই লাশগুলোকে পরম যত্নে পরিষ্কার করে গোসল দিয়ে স্থানীয় কবরস্থানে সারিবদ্ধভাবে সমাহিত করা হয়।
নশ্বর এই পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন যেতেই হবে। প্রতিটি জীবিত সত্তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে, যা সৃষ্টিকর্তার হুকুম ও অমোঘ নিয়ম। কিন্তু কথা হল, আজ যে পৃথিবীজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে যে সব মুসলিম ভাই ও বোনেরা ইন্তেকাল করছেন, তাদের জন্য রাখা হয়ে সম্পূর্ণ নতুন এক হৃদয় বিদারক নিয়ম। সে তো মৃত্যুর পরের ঘটনা। ধর্ম–বর্ণ–নির্বিশেষে আজ সবার সমান কাহিনি।
দাফন হচ্ছে কিংবা দাহ হচ্ছে গুটিকয়েক প্রিয়জনের উপস্থিতিতে। বাস্তবতার খাতিরে এ সবই আমরা মেনে নিয়েছি নিয়তি বলে। আসলেই কি আমরা শুধু নিয়তির শিকার নাকি কোন মানুষ সৃষ্ট অবহেলা আর উদাসীনতার? তা বোধকরি ভাবার সময় এসেছে। নিউইয়র্কের ন্যায় সমৃদ্ধ বাণিজ্যিক শহরে যা এখনো চলছে, তা একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে কখনো কল্পনা করতে পারিনি। লকডাউনের ফলে ঘরে অবরুদ্ধ থেকে ডিজিটাল মিডিয়ার সহায়তায় শোনা সব খবর সত্য কি না, তা নিয়ে ফেসবুকে চলতো জোর বিতর্ক।
বিশ্বের সেরা একটি দেশের প্রধান নগরের কষ্ট, দুর্দশা আর ভোগান্তির সংবাদ মেনে নিতে বড্ড বেশি কষ্ট হতো। যাদের মনে করা হতো দুনিয়ার আর্থিক এবং সেবা প্রদানে সেরা দেশের একটি। নিউইয়র্ক শহরজুড়ে ছড়িয়ে থাকা ২১৪টি হাসপাতালে ছিল প্রধান খবর, তা হলো সংকট আর সংকট। বিশেষজ্ঞ ডাক্তার, নার্স সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ভেন্টিলেটর, এমনকি ডাক্তারদের নিজ সুরক্ষা সামগ্রীর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। নগরের সর্বোচ্চ কর্তাব্যক্তিরা অসহায় হয়ে চিকিৎসা সামগ্রীর সহায়তা চাইছেন দেশের প্রেসিডেন্টের কাছে। এত সব সংকটের খবর শুনে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, আমি কি ২০ ট্রিলিয়ন ডলারের সম্পদ সমৃদ্ধ দেশ আমেরিকাতে বসবাস করছি না তৃতীয় বিশ্বের কোন এক দেশে!
নিউইয়র্কের নীতি নির্ধারকেরা যখন অসহায় হয়ে বলেন, আমাদের হাসপাতালে শ্বাস কষ্টজনিত সমস্যার একমাত্র উপায় ভেন্টিলেটরের মজুত নেই, তখন কিছুটা অবাক হই। আমেরিকাজুড়ে মোট ভেন্টিলেটরের মজুত ২ লাখের ওপর। সেখানে অভিবাসী অধ্যুষিত নিউইয়র্কের বস্তি পাড়া বলে খ্যাত কুইন্সের হাসপাতালে বয়স্কদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ভেন্টিলেটরের অভাবে। তা হলে আমরা কি শুধু পাসপোর্টধারী আমেরিকান নাগরিক? এ প্রশ্ন আজ লাখ লাখ এশীয় অভিবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে। শত প্রশ্নের ভিড়ে যে একটি প্রশ্ন বারবার ফিরে আসছে তা হল, দুই মাস আগে ৭ ফেব্রুয়ারি প্রথম করোনা রোগীর মৃত্যুর পরও কেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলেন। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হল, রাজ্যের গভর্নর প্রতিদিন সংবাদ সম্মেলনে বলছেন তিনি কতটুকু করতে পেরেছেন স্বল্প প্রস্তুতিতে। আজও ট্রাম্প সরকারের অসহযোগিতার বিশদ বিবরণ দিলেন ঘটা করে এবং অকপটে। গভর্নরের হতাশার কথা শুনে মনে হয়নি, আমরা বিশ্বের শ্রেষ্ঠ ও শক্তিশালী দেশ আমেরিকাতে বাস করছি। এখনো চলছে দোষারূপ এবং নানা ধরনের অস্বাভাবিক আলাপচারিতা। কোটি কোটি অভিবাসীসহ লাখ লাখ খোদ আমেরিকানরা বলছেন, অবিশ্বাস্য। প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়িত্বহীনতার জন্য সরাসরি দায়ী করে বলছেন, তিনি মিথ্যুক ও অপদার্থ। তবে আশার কথা সেই হতাশা আর উৎকণ্ঠার দিনগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।
শোকের নগরী নিউইয়র্ক আবার জেগে উঠবে সহাস্যে। আমরা মিলব আবার প্রাণের স্পন্দন খুঁজতে। আগামীর বদলে যাওয়া পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই হতে হবে আরও বেশি বেশি মানবিক ও বৈষয়িক। করোনার তাণ্ডব আমাদের যেন বারবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে কামিনী রায়ের কবিতা—
‘আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনি পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে’।