নিউইয়র্কের কাউন্সিল স্পিকার প্রার্থীদের অভিবাসন নীতি উপস্থাপন
নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনের পর এখন নগর কাউন্সিলের স্পিকার নির্বাচনের পালা। আর এ স্পিকার পদের জন্য লড়ছেন আটজন প্রার্থী। এর মধ্যে চার স্পিকার প্রার্থী অভিবাসীদের সুরক্ষায় নিজ নিজ পরিকল্পনা হাজির করেছেন সম্প্রতি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অনিবন্ধিত অভিবাসীরা আমেরিকা থেকে বিতাড়নের আশঙ্কায় রয়েছেন। শুরু থেকেই নিউইয়র্কের মতো অভিবাসীবান্ধব অঞ্চলগুলোর কর্তৃপক্ষ তাদের সুরক্ষায় অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর ম্যানহাটনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নগর কাউন্সিলের স্পিকার পদপ্রার্থী ও নবনির্বাচিত চার কাউন্সিলম্যান অভিবাসীদের সুরক্ষায় নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় সংবাদমাধ্যম অবজারভারের তথ্যমতে, নিউইয়র্ক শহরের ম্যানহাটনে আলোচনা সভাটির আয়োজন করে নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন (এনআইসি) নামের একটি সংগঠন। এতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কুইন্সের কাউন্সিলম্যান জিমি ভ্যান ব্র্যামার, ব্রুকলিনের জুমান উইলিয়ামস এবং আপার ম্যানহাটনের দানি রদ্রিগেজ ও মার্ক লেভিন। সভাটি সঞ্চালনা করেন সিটি কাউন্সিল ও সিটি হল পলিটিকোর প্রতিবেদক গ্লোরিয়া প্যাজমিনো। তবে অনুষ্ঠানে অন্য চার স্পিকার পদপ্রার্থী ব্রঙ্কসের কাউন্সিলম্যান রিচি টোরেস, ব্রুকলিনের রবার্ট কোর্নেগি, কুইন্সের ডোনোভান রিচার্ডস ও ম্যানহাটনের কোরি জনসন অংশ নেননি।
অনুষ্ঠানে এনআইসির রাজনীতি সম্পর্কিত পরিচালক মুরাদ আওয়াদেহ অভিবাসীদের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান প্রশাসনের অধীনে অভিবাসীদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন তিনি। এ সময় তিনি অভিবাসীদের সুরক্ষায় সিটি কাউন্সিলের বর্তমান স্পিকার মেলিসা মার্ক-ভিভারিতোর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষের ওপর আস্থা রাখি। তারা নিশ্চয়ই আমাদের অধিকার রক্ষায় কাজ করবেন।’
তাঁর এ বক্তব্যের প্রতি সাড়া দেন উপস্থিত স্পিকার পদপ্রার্থী কাউন্সিলম্যানেরা। ব্রুকলিনের কাউন্সিলম্যান ও স্পিকার পদপ্রার্থী জুমান উইলিয়ামস বলেন, ‘ট্রাম্পের অভিষেকের দিন বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলাম। আমি লড়াই করেই এত দূর এসেছি। আর নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা দিতেও এই লড়াই চালিয়ে যাব। নিউইয়র্কের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তাকে সুরক্ষা দেয় এমন একটি আইন এরই মধ্যে আমি পাস করিয়েছি।’
একইভাবে গত চার বছরের দায়িত্ব পালনের সময় অভিবাসীদের জন্য অনুকূল অন্তত ৫০টি আইন পাস করা হয়েছে বলে জানিয়েছেন আরেক কাউন্সিলম্যান রদ্রিগেজ। আরেক স্পিকার পদপ্রার্থী আইরিশ বংশোদ্ভূত ভ্যান ব্র্যামার কালচারাল অ্যাফেয়ার্স, লাইব্রেরিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্টারগ্রুপ রিলেশনসের চেয়ারপারসনের দায়িত্ব পালনের সময় নিজের গুরুত্বপূর্ণ কার্যক্রমের কথা উল্লেখ করেন। একই সঙ্গে স্পিকার নির্বাচিত হলে এ ক্ষেত্রে আরও বেশি অবদান রাখতে পারবেন বলে দাবি করেন। আর মার্ক লেভিন বলেন, ‘ওয়াশিংটন থেকে যদি শহর কর্তৃপক্ষের জন্য আর্থিক বরাদ্দ কমিয়েও দেওয়া হয়, তবুও আমরা অভিবাসীদের সুরক্ষায় আমাদের অবস্থান থেকে নড়ব না।’
অনুষ্ঠানে চার স্পিকারপ্রার্থীই বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। এর মধ্যে বিতাড়নের ঝুঁকিতে থাকা অভিবাসীদের আইনি সহায়তাসহ তাদের জন্য বাড়তি তহবিল গঠন ও নগর কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষা ও সাময়িক কাজের অনুমোদনের বিষয়ে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি নিউইয়র্ক নগরের অভিবাসীবান্ধব চরিত্র অক্ষুণ্ন রাখতে এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এজেন্সির অতিরিক্ত অভিযান বন্ধে অঙ্গরাজ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা পাস করিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।