নিউইয়র্কের কান্না হার্ট আইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসমাহিত করার প্রস্তুতি চলছে
গণসমাহিত করার প্রস্তুতি চলছে

আলোকোজ্জ্বল নিউইয়র্ক নগরের ম্যানহাটন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ৩০০ বছরের পুরোনো লম্বাকৃতির দ্বীপ হার্ট আইল্যান্ড যা নিউইয়র্কের কান্না মেশানো অভিশপ্ত মৃত্যু দ্বীপ হিসেবে পরিচিত। আনুমানিক ১১৩ একরের এই দ্বীপে ১৮৭০ সালে লুসিয়া নামের ২৪ বছরের একজন মহিলা কারাবন্দীকে প্রথমে দ্বীপের এক অংশে সমাহিত করা হয়েছিল। পরে ১৯১৩ সাল থেকে নিউইয়র্কের সব হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও ফিউনারেল হোমস থেকে ১০ লাখের বেশি নানা বয়সের নারী-পুরুষকে এই হার্ট আইল্যান্ডে সমাহিত করা হয়।
সবার কাছে এই দ্বীপ পটার্স ফিল্ড নামে পরিচিত। ১৮৬৫ সালের দিকে আমেরিকার গৃহযুদ্ধে পরাজিত সৈনিকদের ৩ হাজার ৪১৩ জনের একটি দলকে দ্বীপে অন্তরীণ করে রাখা হলে তাদের মধ্যে অকালে মারা যান ২৩৫ জন। তাদের এই দ্বীপেই সমাহিত করা হয়। পরে যুদ্ধবন্দীদের অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহৃত, বসবাসের অযোগ্য এই দ্বীপে রাখা যুদ্ধবন্দীদের অনেকেই স্বল্প সময়ের মধ্যে মারা যান। কেউ কেউ এই সংখ্যা চার শ জনের কম নয় বলে বিশ্বাস করেন। এটিকে অনেকে আমেরিকার যুদ্ধের ইতিহাসে এক কালো অধ্যায় বলে মনে করেন।
নিউইয়র্ক নগরে নানা সময়ে ইয়েলো ফিভার ও যক্ষ্মায় আক্রান্তসহ মানসিক ভারসাম্যহীনদের আবাস্থল হিসেবে তৎকালীন নগর কর্তৃপক্ষ দ্বীপটিকে ব্যবহার করেছিল। ১৮৭০ সালে নিউইয়র্ক নগরে মহামারিতে রূপ নেওয়া ইয়েলো ফিভারে আক্রান্তদের স্থান হয় এই হার্ট আইল্যান্ড। জ্বরে আক্রান্তদের অধিকাংশই পরে মারা যান। তাদের সবাইকে এই দ্বীপে গণহারে সমাহিত করে নগর কর্তৃপক্ষ।
প্রথম থেকে এই গণসমাধির ব্যবস্থাপনায় ছিল নিউইয়র্ক নগরের সংশোধন বিভাগ। এমনকি দ্বীপে যাওয়ার জন্য তাদের অনুমতিপত্র ও সহায়তা নিতে হতো। ২০১৩ সাল থেকে দ্বীপটির দেখাশোনার ভার নিউইয়র্ক সিটির পার্ক ও রিক্রিয়েশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আসে। তবে দ্বীপে যাতায়াতের সুবিধাদি দেখাশোনা করে সংশোধন বিভাগ।
বেশ কয়েক বছর আগে নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে চমকে ওঠার মতো একটি খবর। এ প্রতিবেদন প্রকাশের পর থেকে নিউইয়র্কবাসী মনে নানা প্রশ্নের উদ্রেক হতে থাকে। এই চমক জাগানো খবরের সঙ্গে একজন সন্তানহারা মায়ের প্রশ্ন ছিল। তাঁর সদ্য জন্ম-নেওয়া-সন্তান হাসপাতালে মারা যাওয়ার পর তাকে কোথায় সমাহিত করা হয়েছে এবং কী পরিমাণ নিয়মনিষ্ঠার সঙ্গে তা করা হয়েছে তা জানতে গিয়ে শুরু হয় প্রায় ৪০ বছর আগে সদ্যোজাত সন্তানের মৃত্যু ও পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত দলিলাদির খোঁজ নেওয়া। সেই অনুসন্ধান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে নানা অমানবিক কার্যক্রমের বিবরণ যা পুরো নিউইয়র্কবাসীকে বেদনাহত করে। সেই ভাগ্যাহত মা এলিন জোসেফ। ১৯৭৮ সালের জানুয়ারি মাসের এক ভোরে তমিকা নামের এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরদিন কর্তব্যরত নার্স এলিনকে অনাকাঙ্ক্ষিত খবরটি জানান। সদ্যোজাত কন্যা তমিকা স্বাস্থ্যগত কোনো এক জটিলতায় মারা যায়।
তিন দিন পর হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় কাগজপত্র পেলেও তমিকাকে কোথায় সমাহিত করা হয়েছে সেই তথ্য সংবলিত দলিল এলিন পাননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও এলিন জানতে পারেননি তাঁর কন্যা সন্তানের শেষ ঠাঁই কোথায় হয়েছে? সেই মায়ের লাগাতার আইনি যুদ্ধের পর জানা গেল, এসব ভাগ্যাহত মৃতদের শেষ আশ্রয় কোথায় হচ্ছে। সে সময় নিউইয়র্কের সব হাসপাতালে জন্ম নেওয়া মৃত শিশু কিংবা অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশুদের সংশোধন বিভাগের কয়েদিদের সহায়তায় অমানবিকভাবে হার্ট আইল্যান্ডে গণকবর দেওয়া হতো।
সেই অভিশপ্ত মৃত্যু দ্বীপের রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত সংশোধন কেন্দ্রের এক কর্মীর ধারণকৃত ভিডিও চিত্রে দেখা যায়, ছোট ছোট শিশুসহ সব বয়সের শবদেহ ভর্তি কফিনকে অবিশ্বাস্য অমানবিক আচরণের সঙ্গে অশ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে। হতভাগ্য গৃহহীনসহ বেওয়ারিশ সব শবদেহ ভর্তি কফিন একসঙ্গে করে সমাহিত করা হতো। কোন কোন ক্ষেত্রে দেড় শর বেশি কফিনকে একস্থানে জড়ো করে সমাহিত করা হয়েছে। ওপর থেকে শবদেহ পূর্ণ ছোট ছোট কফিনকে ছুড়ে দেওয়া হতো যা সত্যি ছিল দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক আচরণ। শিশুসহ সব বয়সী শবদেহের সঙ্গে এ ধরনের চরম অসম্মানজনক আচরণের প্রতিবাদে নিউইয়র্কবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে।
ঠিক সেই সময়ে মাত্র একদিন বয়সী তমিকার ভাগ্যাহত মা এলিন জোশেফসহ শত শত মা ও স্বজনরা এগিয়ে আসেন এবং এ ধরনের বর্বর আচরণের প্রতিবাদ জানান। মেলিন্ডা হান্ট যিনি ১৯৯৪ সাল থেকে সমাহিতদের তালিকা প্রকাশ ও সমাহিত করার স্থান পরিদর্শনের অনুমতির জন্য যৌথভাবে আন্দোলন করে আসছেন। তাঁর সঙ্গে আছেন ভিয়েতনাম যুদ্ধফেরত সাবেক আমেরিকান সৈনিক হার্বার্ট সুইট যাঁর এক পুত্রসন্তান এই দ্বীপে হাজার হাজার মৃত মানুষের ভিড়ে শুয়ে আছেন। তবে বর্তমানে সীমিত আকারে নিকটতম স্বজনদের সমাধি পরিদর্শনের অনুমতি দোয়া হয়। মেলিন্ডা হান্টের সংগ্রহে আছে এই অমানবিক কাজের সঙ্গে যুক্ত একজন কারাবন্দীর লেখা চিঠি। সেই চিঠিতে কারাবন্দী আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকেও (কারাবন্দী) হয়তো একদিন হার্টল্যন্ড আইল্যান্ডে নামহীন হিসেবে সমাহিত করা হবে। দিনে দিনে এই প্রতিবাদ জোরালো হওয়ায় নগর সংশোধন বিভাগ প্রথমে সমাহিত সব বয়সীদের তালিকা প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় দ্বীপে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে। মাত্র ১২ কিলোমিটার দূরের এই দ্বীপে যেতে হলে ব্রঙ্কসের সংশোধন কেন্দ্রের থেকে ফেরি নিতে হয়। তাও আবার পূর্ব অনুমতি সাপেক্ষে।
আনন্দময় আর হাজার ভোল্টের সোডিয়াম লাইটের আলোকছটায় উদ্ভাসিত বিশ্বের শ্রেষ্ঠ আমোদ নগরী নিউইয়র্ক শহরের অদূরে সবুজ ঘাসে আচ্ছাদিত কংক্রিটের তৈরি বিরাট একটি ক্রসের আশপাশে শুয়ে থাকা দশ লাখের বেশি নারী, পুরুষ আর শিশুদের মধ্যে আছেন দুনিয়াখ্যাত মানুষও। তাঁদের মধ্যে আছেন জিউশ নাট্যকার লিও ব্রিনস্কি যাঁকে সমাহিত করা হয় ১৯৫১ সালে। আমেরিকান ঔপন্যাসিক ডন পাওয়েলকে সমাহিত করা হয় ১৯৭০ সালে যিনি নিজেই তাঁর দেহ দান করেছিলেন চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য।
একাডেমি অ্যাওয়ার্ড জয়ী ববি ড্রিসকলকে সমাহিত করা হয় ১৯৬৮ সালে। তাঁকেও সমাহিত করা হয় নাম পরিচয়হীন হিসেবে। পরে তাঁর মেয়ে অনেক কষ্টে তাঁর পরিচয় উদ্ধার করেন। এমনি শত শত নিউইয়র্কবাসীকে যেতে হয়েছে নাম পরিচয়হীন বা গোত্রহীন হয়ে। আজও আমেরিকার নানা নগর থেকে স্বজনেরা হার্ট আইল্যান্ডে আপনজনের খোঁজে আসেন। তাদের কেউ হন তাঁদের পিতা নয়তো পিতামহ, কিংবা ঔরসজাত সন্তান। আজ মধ্যবয়স্কা মায়েরাা আসেন ১০ মাস আগলে রাখা সন্তানের ছোঁয়াহীন স্পর্শের আশায়। হাজারো স্বজন দলিল-প্রমাণাদি জমা দিয়ে অপেক্ষায় আছেন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার আশায়। তাঁদের প্রত্যাশা, হারিয়ে যাওয়া আপনজনের পাশে তাঁরা মুহূর্তের জন্য হলেও নীরবে দাঁড়াতে পারবেন।