নিউইয়র্কের কিছু এলাকায় গৃহহীনের সংখ্যা বাড়ছে
নিউইয়র্কের ম্যানহাটন ও কুইন্স বরোর কিছু এলাকায় গৃহহীনদের সংখ্যা বাড়ছে। এসব এলাকার মধ্যে কুইন্সের জ্যাকসন হাইট্স ও এস্টোরিয়া এবং ম্যানহাটনের সেলসা অন্যতম।
‘সিটিজেনস কমিটি ফর চিলড্রেন’ নামের একটি অলাভজনক সংস্থা পরিচালিত সর্বশেষ গবেষণায় এ তথ্য জানা গেছে। এ গবেষণার মূল বিষয় ছিল নিউইয়র্ক নগরের পারিবারিক গৃহ হীনতা চিহ্নিত করা, পরিবারের আয় ও গৃহ হীনতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা, গৃহহীন আশ্রয়কেন্দ্রে বসবাসের ফলে শিশু এবং পরিবারের সদস্যদের সমৃদ্ধি/উন্নতি ঝুঁকি খতিয়ে দেখা।
গবেষণায় দেখা গেছে কুইন্সের জ্যাকসন হাইটস ও এস্টোরিয়া এবং ম্যানহাটনের সেলসা এলাকায় গৃহ হীনতা বন্ধে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এ সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে।
অলাভজনক এ সংস্থার নির্বাহী পরিচালক জেনিফার মার্চ বলেন, এ গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গৃহহীনদের সেবা প্রদানে নগর কর্তৃপক্ষ কমিউনিটি কেন্দ্রিক যোগাযোগ অব্যাহত রাখতে আগ্রহী। তিনি বলেন, নিউইয়র্ক নগরব্যাপী বসবাসকারী পরিবারের আবাসন অস্থিরতার কারণ এবং গৃহ হীনতার শিকার পরিবারের সমস্যা মোকাবিলা করার জন্য কত সম্পদের জোগান দেওয়া দরকার তা নির্ণয় করা বেশ কঠিন। তিনি বলেন, মহামন্দা কাটিয়ে ওঠার ছয় বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও নগরে বিভিন্ন এলাকায় গৃহ হীনতার সংখ্যা বেড়েই চলেছে। এর ফলে পরিবার ও শিশুরা বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন। দরিদ্র শিশু স্বাস্থ্য-সুবিধার অপ্রতুলতা, বিদ্যালয়ে প্রবেশের মতো সম্পদের অভাব এবং পারিবারিক ও কমিউনিটি সহিংসতার ব্যাপকতা গৃহ হীনতা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।
গবেষণায় দেখা গেছে অন্যান্য এলাকার চেয়ে এস্টোরিয়া এলাকায় আয় হ্রাস এবং বাড়ি ভাড়ার বৃদ্ধির মধ্যে পার্থক্য বেশি। এ পার্থক্য এ এলাকায় ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে গৃহহীন পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।
শিশু রয়েছে কুইন্সের এস্টোরিয়ায় এমন মধ্য আয়ের পরিবারে হার ১৪ শতাংশ কমেছে। এদের আয় বার্ষিক আয় ৫৯ হাজার ডলার থেকে ৫১ হাজারের ডলারে নেমে আসে।
অন্যদিকে একই বরোর সানিসাইড, জ্যাকসন হাইট্স এবং এলমহার্টস এলাকায় ২০১৩ সালে গৃহহীন পরিবার বলতে গেলে ছিলই না। এখন সানিসাইডে ১৩টি পরিবার তাদের ছেলেমেয়েসহ গৃহহীনে পরিণত হয়েছে। কুইন্সের পশ্চিমাংশে বাড়ি ভাড়া বেড়ে যাওয়া এবং আয় কমে যাওয়া গৃহ হীনতার জন্য দায়ী বলে গবেষণায় দাবি করা হয়।
ভাড়া বেড়ে যাওয়ায় বাড়িগুলো জনাকীর্ণ হয়ে পড়ে। জ্যাকসন হাইটস ও এলমহার্স্টের এক-চতুর্থাংশ বাড়িতে ধারণ ক্ষমতার বেশি লোক বাস করেন। যদিও পুরো নগরে গড়ে ১১ শতাংশ বাড়ি জনবহুল।