নিউইয়র্কের গভর্নরের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তাঁর অধীনস্থ একজন নারী কর্মী এই অভিযোগ তুলেছেন। গভর্নর কুমো অভিযোগ অস্বীকার করে বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছেন।
যৌন হয়রানির অভিযোগ জানানো ওই নারীর নাম শার্লট ব্যানেট (২৫)। তিনি গত নভেম্বর মাস পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্য বিষয়ক নীতিমালা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কোভিড-১৯ মহামারির শুরু দিকে গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে কাজ করেছেন তিনি। ২৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক টাইমসের কাছে ব্যানেট অভিযোগ করেছেন, গভর্নর কুমো তাঁকে যৌন জীবন নিয়ে প্রশ্ন করে হয়রানি করেছেন।
শার্লট ব্যানেট অভিযোগ করার পর অ্যান্ড্রু কুমো এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করে বলেছেন, ব্যানেট একজন পরিশ্রমী কর্মী। তিনি কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ কাজ করেছেন। যেকোনো বিষয়ে তাঁর কথা বলার অধিকার রয়েছে। তিনি বলেন, তিনি কখনো ব্যানেটের সঙ্গে অশালীন আচরণ করেননি। এমন অভিযোগের ব্যাপারে নিজের বিরুদ্ধেই তদন্ত করার ঘোষণা দিয়েছেন কুমো। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত এ নিয়ে অপেক্ষা করার জন্য নিউইয়র্কবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন গভর্নর।
এর আগে লিন্ডসে বয়লান নামের আরেকজন রাজ্য কর্মী গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তখনো গভর্নর কুমো ওই অভিযোগ অস্বীকার করেছিলেন।
গভর্নর অ্যান্ড্রু কুমোর বিশেষ সহকারী ব্যাথ গ্র্যাভি জানিয়েছেন, সাবেক ফেডারেল বিচারক বারবারা জোন্স এ তদন্ত পরিচালনা করবেন।
এর আগে লিন্ডসে বয়লান নামের আরেকজন রাজ্য কর্মী গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তখনো গভর্নর কুমো ওই অভিযোগ অস্বীকার করেছিলেন।
নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের গভর্নর ছাড়াও কোভিড-১৯ সংক্রমণ সামাল দিতে গিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন অ্যান্ড্রু কুমো।