নিউইয়র্কের ছোট দোকানপাট বন্ধ হচ্ছে কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের প্রতিটি নেইবারহুডকে ‘স্বয়ংসম্পূর্ণ’ হিসেবে আখ্যা দিয়েছিলেন লেখক ই বি হোয়াইট। আর এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন প্রতিটি এলাকায় থাকা অসংখ্য ছোট ছোট দোকানের কথা, যা সব ধরনের পসরা নিয়ে নাগরিকদের জন্য বসে আছে। কিন্তু এখন এ অবস্থার বদল হতে শুরু করেছে। বহু দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষত ম্যানহাটন ও ব্রুকলিনে ব্যাপকভাবে এ চিত্র দেখা যাচ্ছে। নিউইয়র্কের অভিবাসীদের একটি বড় অংশের জীবিকা এসব দোকানের সঙ্গে জড়িত হওয়ায় স্বাভাবিকভাবে তারাই এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই কাজ হারাচ্ছেন। অনেকে ব্যবসা।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এর পেছনের কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ই বি হোয়াইটের ওই পর্যবেক্ষণ ছিল ১৯৪৯ সালের। সাত দশক পরেও চিত্রে তেমন কোনো পরিবর্তন প্রকট না হলেও একটি প্রবণতা বেশ আশঙ্কার সৃষ্টি করছে। বর্তমানে নিউইয়র্কের বহু এলাকাতেই ছোট ছোট দোকান বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। এমনিতে দোকানের মালিকানা বদল, ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘটনা একটি নিয়মিত বিষয়। কিন্তু হলেও বন্ধ দোকানের স্থানটি দীর্ঘদিন ফাঁকা থাকার ঘটনা খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু এখন এটিই ঘটছে। বিশেষত ব্রুকলিন ও ম্যানহাটনে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। আর এতে সংকুচিত হচ্ছে কর্মসংস্থান, যার ছুরিতে কাটা পড়ছে মূলত নিম্ন আয়ের অভিবাসীরাই।
প্রথমে বিষয়টি শুরু হয় ছোট দোকানগুলোর বড় কোম্পানির ‘চেইন শপ’ দ্বারা প্রতিস্থাপনের মধ্য দিয়ে। বড় পুঁজি নিয়ম মেনেই ছোট পুঁজিকে উৎখাত করতে থাকে। আর এটিই দোকান মালিকদের মানসিকতায় বড় পরিবর্তন আনে। তারা ভাড়া বাড়িয়ে দিতে থাকে এমন মাত্রায়, যা দিয়ে ছোট ব্যবসায়ীদের পক্ষে আর দোকান পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। পুঁজি আকর্ষণে এমনকি দীর্ঘদিন নিজের মালিকানায় থাকা দোকানটি কেউ ভাড়া না নিলেও তার তাতে কোনো বিকার হয় না। কারণ ভবনের একটি অংশ ভাড়া না হলে কর্তৃপক্ষ তাকে কর রেয়াত দেয়। এ ছাড়া রয়েছে অনলাইন শপিংয়ের জনপ্রিয়তার বিষয়টিও।
আর এসব কারণে একের পর এক বন্ধ হতে থাকে বিভিন্ন দোকান। সিটি কাউন্সিল সদস্য হেলেন রোসেনথালের পক্ষ থেকে সম্প্রতি একটি জরিপ চালানো হয়। এতে দেখা যায়, ব্রডওয়ে, আমস্টারডাম ও কলম্বাস অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় মোট ১ হাজার ৩৩২টি দোকান ছিল। এর মধ্যে ১৬১টি বা ১২ শতাংশই এখন বন্ধ। রোসেনথাল বলেন, এটি আশঙ্কাজনক। কারণ এসব দোকানই নিউইয়র্কের প্রাণ।
এ সংকট নিরসনে নিউইয়র্ক টাইমস ‘ভ্যাকেন্সি ট্যাক্স’ চালুর পরামর্শ দিয়েছে। অর্থাৎ কোনো বাড়ির মালিক দোকান দীর্ঘদিন ধরে ভাড়া না দিলে তাকে এ বাবদ কর রেয়াতের বদলে বাড়তি কর দিতে হবে। কিন্তু এখানে সংকট হচ্ছে ঠিক কত দিন পর্যন্ত ভাড়া না দিলে তা করের আওতায় আসবে, তা নির্ধারণের বিষয়টি।
এদিকে ছোট দোকানপাট বন্ধের কারণ হিসেবে নিউইয়র্ক টাইমসের এ যুক্তি প্রশ্নহীন মেনে নিতে নারাজ ফোর্বস ম্যাগাজিন। জনপ্রিয় এ সংবাদমাধ্যম ২০ নভেম্বর এক প্রতিবেদনে জানায়, নিউইয়র্ক টাইমস দোকান বন্ধ হওয়ার কারণ হিসেবে যে বিষয়টিকে চিহ্নিত করেছে তা আংশিক সত্য। একই সঙ্গে ‘ভ্যাকান্সি ট্যাক্স’ ধার্যের পরামর্শটিকেও ‘বাজে’ বলে মন্তব্য করা হয়েছে এতে।
ফোর্বসের অনুসন্ধানে বেরিয়ে এসেছে দোকান বন্ধ হওয়ার আরেক কারণ। আর তা হলো দোকানের কর্মীদের জন্য কর্তৃপক্ষ নির্ধারিত ঘণ্টাপ্রতি নিম্নতম মজুরি হার। সংবাদমাধ্যমটির তথ্যমতে, দোকান বন্ধ হওয়ার এ প্রবণতা প্রকট আকার ধারণ করেছে ২০১৫ সালের পর থেকেই। আর এর পেছনে রয়েছে নিম্নতম মজুরি বৃদ্ধির বিষয়টি।
শ্রম বিভাগের বরাত দিয়ে ফোর্বস জানায়, নিউইয়র্কে ২০০৯ সালের পর ২০১৬ সালেই একমাত্র বছর হিসাবে কর্মসংস্থানের হার কমেছে। আর ২০১৭ সালে এটি আরও কমবে। এর পেছনে মূলত নিম্নতম মজুরি বৃদ্ধির বিষয়টি জড়িত। ২০১৮ সালের শেষ নাগাদ কমপক্ষে ১১ জন কর্মী রয়েছে নিউইয়র্কের এমন যেকোনো প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নিম্নতম মজুরি হবে ঘণ্টাপ্রতি ১৫ ডলার, যা ২০১৫ সালের হারের তুলনায় ৬৭ শতাংশ বেশি। এত বেতন দিয়ে অনেক প্রতিষ্ঠানের পক্ষেই কর্মী নিয়োগ সম্ভব নয়। আর এটিই তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য করছে বলে মনে করছে সংবাদমাধ্যমটি।