নিউইয়র্কের জীবাণু অস্ত্র মোকাবিলার পরীক্ষাগার বন্ধের আশঙ্কা

নিউইয়র্ক শহরের পুলিশ ও দমকল বিভাগের আওতাধীন একটি পরীক্ষাগার বন্ধের পরিকল্পনা করছে আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি স্থাপিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর। এখনো এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলেও পরীক্ষাগারটি বন্ধের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।
পরমাণু ও জীবাণু অস্ত্র মোকাবিলার পদ্ধতি উদ্ভাবনে গবেষণার জন্য স্থাপিত পরীক্ষাগারটি বন্ধ করে দিলে নিউইয়র্ক শহরের সন্ত্রাসবিরোধী কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহযোগিতায় ন্যাশনাল আরবান সিকিউরিটি টেকনোলজি ল্যাবরেটরি এখন পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা সারা দেশেই ব্যবহার হচ্ছে। এ ছাড়া অর্থ ও মাদক পাচার প্রতিরোধে কার্যকর পদ্ধতিও উদ্ভাবন করেছে পরীক্ষাগারটি। এ পদ্ধতি অনুসরণ করে এখন পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ পাচার রোধ করা গেছে। এ ধরনের অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর নতুন নতুন পদ্ধতি প্রয়োগের বিপরীতে অপরাধীরাও নতুন নতুন পন্থা অবলম্বন করছে। ফলে অপরাধ দমনে কার্যকর পদ্ধতি উদ্ভাবনের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা এ পরীক্ষাগার বন্ধের মধ্য দিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পোর্ট অথোরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউজার্সির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জেরার্ড ম্যাকার্টি নিউইয়র্ক টাইমসকে বলেন, বছরের পর বছর অসংখ্য অমূল্য তথ্য দিয়ে এ পরীক্ষাগার আমাদের সহায়তা করেছে। একই সঙ্গে পরমাণু ও জীবাণু ঝুঁকি বিষয়ে আমাদের প্রশিক্ষিত করেছে। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তি গবেষণা ও তার পরীক্ষার ক্ষেত্রেও আমরা এ পরীক্ষাগার থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা পেয়েছি। এটি বন্ধ করে দিলে সার্বিক নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও প্রকল্পের বরাদ্দ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এ উদ্যোগের অংশ হিসেবেই পরীক্ষাগারটি বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে এ ধরনের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের বিপরীতে বরাদ্দ ১৮ শতাংশ কমিয়ে আনা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে ৭৭১ মিলিয়ন ডলার বরাদ্দ থাকলেও এ বছর তা কমিয়ে ৬২৭ মিলিয়ন ডলার করা হয়েছে।
তবে পরীক্ষাগারটি বন্ধের ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না বলে মনে করছে মন্ত্রণালয়। এক ই-মেইলে তাদের মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ পরীক্ষাগার বন্ধ করলে সংশ্লিষ্ট সংস্থার গবেষক দল এবং বিজ্ঞান ও প্রযুক্তি ডিরেক্টরেট সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বিস্ফোরক ও সাইবার নিরাপত্তার মতো প্রশাসনের অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোয় বেশি মনোযোগ দিতে পারবে। বিভিন্ন গবেষণা কার্যক্রম ডিপার্টমেন্ট অব এনার্জি ল্যাবরেটরিজের মতো সংস্থাগুলোয় পরিচালিত হবে। এ ধরনের গবেষণা নিউইয়র্কের একটি পরীক্ষাগারের ওপর নির্ভরশীল নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য মানতে নারাজ নিউইয়র্ক ও নিউজার্সির আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী, জরুরি ব্যবস্থাপনা বিভাগ। এমনকি পরীক্ষাগারটি বন্ধের উদ্যোগে অসন্তোষ প্রকাশ করেছেন অঙ্গরাজ্যটির রিপাবলিক ও ডেমোক্র্যাট প্রতিনিধিরাও। তাদের মতে, নিউইয়র্ক শহর সন্ত্রাসীদের অন্যতম লক্ষ্য। এ অবস্থায় এ পরীক্ষাগার বন্ধ করা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই ক্ষতিকর। কেউ কেউ বাজেট স্বল্পতার অজুহাতকে অর্থহীন বলে উল্লেখ করেছেন। কারণ পরীক্ষাগারটির বার্ষিক বাজেটের পরিমাণ মাত্র ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার, যা এর চেয়ে অনেক বড় প্রতিদান দেয়।
কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, ফেডারেল বাজেটের কথা বিবেচনা করলে পরীক্ষাগারের বার্ষিক বাজেটকে অত্যল্প বললেও কম বলা হবে। কিন্তু এ বাজেট জননিরাপত্তার ক্ষেত্রে যে অবদান রাখে, তা ব্যাপক ও অমূল্য।
পরীক্ষাগারটি রক্ষায় এরই মধ্যে রিচার্ড ব্লুমেনথালসহ আরও তিন ডেমোক্র্যাট সিনেটর একটি চিঠি দিয়েছেন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি বরাবর। চিঠিতে স্বাক্ষরকারী অন্য সিনেটররা হলেন, নিউইয়র্কের কার্সটেন ই গিলিব্র্যান্ড, নিউজার্সির কোরি এ বুকার ও কানেকটিকাটের ক্রিস্টোফার এস মারফি। আর নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি ড্যান ডনোভান গত মাসে একটি সংশোধনী প্রস্তাব এনেছেন প্রতিনিধি সভায়, যেন পরীক্ষাগারটি বন্ধের আর প্রয়োজন না পড়ে।
প্রসঙ্গত, ১৯৪৭ সালে পরমাণু অস্ত্র কর্মসূচির উন্নয়নে আমেরিকায় গৃহীত ম্যানহাটন প্রকল্পের আওতায় এ পরীক্ষাগারটি স্থাপন করা হয়েছিল। ফলে এ পরীক্ষাগারের কাজ অন্য পরীক্ষাগারগুলো দ্বারা সম্পন্নের যে কথা প্রশাসন বলছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্কের জন জে কলেজের অধ্যাপক ও ক্রিশ্চিয়ান রেজেনহার্ড সেন্টার ফর ইমারজেন্সি রেসপন্স স্টাডিজের পরিচালক চার্লস জেনিং বলেন, পরীক্ষাগারটি বন্ধ হলে শুধু নিউইয়র্ক নয়, পুরো দেশেরই বড় ধরনের ক্ষতি হবে। জাতীয় নিরাপত্তায় এ পরীক্ষাগারের অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। এর সমতুল্য সেবা অন্য কোনো পরীক্ষাগার দিতে পারবে না।