নিউইয়র্কের পাতালরেলে শারীরিকভাবে অক্ষমদের জন্য ব্যবস্থা রাখার দাবি

নিউইয়র্কের পাতালরেল নানা সমস্যায় জর্জরিত। সুস্থ সাধারণ মানুষকেই এই পাতালরেল ব্যবহারে ভোগান্তির শিকার হতে হয়। আর সেই মানুষটি যখন শারীরিকভাবে সংকটাপন্ন থাকেন তখন এই ভোগান্তি চরমে ওঠে। কারণ নিউইয়র্কের পাতালরেলে খুব কম স্টেশনেই রয়েছে এমন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এই অবস্থায় নিউইয়র্কের পাতালরেলে আরও সহজ চলাচলের সুযোগ বৃদ্ধির জোরালো দাবি জানিয়েছেন সহজ চলাচল আন্দোলনের সমন্বয়কারী রিমাউয়িসহ বিভিন্ন নাগরিক আন্দোলনকর্মীরা।
বর্তমানে নিউইয়র্কের ৪৭২টি পাতালরেল স্টেশনের মাত্র ২৫ শতাংশ স্টেশনে হুইলচেয়ারে চলাচলের সুবিধা রয়েছে। অথচ জীবনের প্রয়োজনে প্রায় প্রতিটি স্টেশন দিয়েই শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের বাস্তবতা রয়েছে। কিন্তু সেই ব্যবস্থা না থাকায় অন্য বিকল্প খুঁজে নিতে হয় তাদের। এ ছাড়া অনেক স্টেশনের এলিভেটর সেবা প্রায়ই বন্ধ থাকে। ফলে নিত্যকার যাতায়াতে এই ধরনের ব্যক্তিদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিউইয়র্কে চলাচলে সংকট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন জাস্টিন উড। এই গবেষকের মতে, নিউইয়র্কে শারীরিক অক্ষম নারী-পুরুষদের জন্য বিদ্যমান ব্যবস্থা ‘এক্সেস আ রাইড’র সেবার মান সন্তোষজনক নয়। একই মত শারীরিকভাবে অক্ষম রামউয়িরও। তিনি জানান, এক্সেস এ রাইডের সেবা পেতে হলে কখনো কখনো ৩/৪ ঘণ্টাও অপেক্ষা করতে হয়। নিউইয়র্কের যাতায়াত ব্যবস্থা নিয়ে আন্দোলন করা এই দুই ব্যক্তিই এই সমস্যার দ্রুত সমাধানে কর্তৃপক্ষের দুষ্টি আকর্ষণ করেছেন। এরই মধ্যে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর কাছে এই বিষয়ে জোরালো দাবি উত্থাপন করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এই বিষয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির প্রেসিডেন্ট অ্যান্ডি বেফোর্ড বলেন, নিউইয়র্কের সব পাতালরেলকে শারীরিকভাবে অক্ষমদের জন্য বিশেষভাবে সংস্কার করা হবে। একই সঙ্গে আরও ১৯টি স্টেশনে সংশ্লিষ্ট সুবিধা বাড়াতে প্রায় ৪২ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়াও এই প্রকল্পে প্রয়োজনে অতিরিক্ত আরও ১০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনাও করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে নিউইয়র্কের আরও ১১৮টি স্টেশনে শারীরিক অক্ষমদের চলাচলের সুবিধা বাড়বে।