নিউইয়র্কের প্রতি সাতটি সেতুর একটির কাঠামো দুর্বল

নিউইয়র্ক অঙ্গরাজ্যজুড়ে রয়েছে হাজারো সেতু। ছোট-বড় এসব সেতুর অনেকগুলোই আবার অদ্ভুতদর্শন। কিন্তু আকার ও আকৃতিতে বিচিত্র এসব সেতুর একটি বড় অংশই কাঠামোগতভাবে দুর্বল। মোট সেতুর ১৪ শতাংশেরও বেশি কাঠামোগতভাবে দুর্বল বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির মহাহিসাব নিরীক্ষক টম ডিনাপোলি।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের প্রতি সাতটি সেতুর মধ্যে একটির অবস্থা কাঠামোগতভাবে দুর্বল বলে জানিয়েছেন টম ডিনাপোলি। এসব ত্রুটিপূর্ণ সেতুর প্রায় সবগুলোই স্থানীয় বিভিন্ন সরকারের আওতাধীন জানিয়ে তিনি বলেন, এসব সেতুকে এখনই ঝুঁকিপূর্ণ বলা যাবে না। তবে এগুলো নিশ্চিতভাবে তেমন একটি গন্তব্যের দিকেই এগোচ্ছে। মোট সেতুর ১৪ শতাংশের বেশি সেতু ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, এটা কোনোভাবেই ভালো কথা নয়।
এসব সেতু সংস্কার সহজ নয় বলে জানিয়েছেন মহাহিসাব নিরীক্ষক টন ডিনাপোলি। নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘আমাদের হিসাবে আনুমানিক ২৭ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রয়োজন পড়বে। স্থানীয় সরকার এমনকি অঙ্গরাজ্যের পক্ষেও এ পরিমাণ অর্থ জোগাড় করা অনেক কঠিন।’
নিউইয়র্ক শহরের পরিবহন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী স্যাম শোয়ার্টজ বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুধু নিউইয়র্ক নয় আমেরিকার সব অঙ্গরাজ্যেই খোঁজ নিলে দেখা যাবে এ ধরনের সংকটপূর্ণ সেতুর সংখ্যা মোট সেতুর অন্তত ১০ শতাংশ হবে। এ সমস্যা সমাধান করতে হলে অনেক কিছু করতে হবে। আমরা এ ক্ষেত্রে মূলত ফেডারেল সরকারের ওপর নির্ভর করি। ট্রাম্প প্রশাসন অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বের কথা বললেও এখন পর্যন্ত এ ক্ষেত্রে তেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না।’